সারাদেশে ধানের শীষের জোয়ার উঠেছেঃ মওদুদ

  শুদ্ধস্বর  রিপোর্ট । সারাদেশে  ধানের শীষের জোয়ার উঠেছে। জনগণ ৩০ ডিসেম্বর ভোট দেয়ার সুযোগ পেলেই ধানের শীষ জয়ী হবে। আজ শুক্রবার জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত এক এক আলোচনা সভায় এসব কথা বলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদ। পাশাপাশি ক্ষমতাসীন সরকার ভোটারদের কেন্দ্রে যেতে দেবে না বলেও আশঙ্কা প্রকাশ করেন তিনি। এটা ঠেকাতে দলীয় নেতাকর্মীদের আহ্বান জানান মওদুদ। ‘আদর্শ নাগরিক আন্দোলন’ ও ‘জাতীয় মানবাধিকার আন্দোলন’ এর যৌথ উদ্যোগে ‘গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠার প্রয়োজনে লেভেল প্লেয়িং ফিল্ড এবং নির্বাচন কমিশনের ভূমিকা’ শীর্ষক এই আলোচনা সভা আয়োজিত হয় প্রেস ক্লাবে।

মওদুদ বলেন, জনগণ সরকারের ওপর বীতশ্রদ্ধ। যদি তারা ভোট দিতে পারে তবে সরকারের পতন ঘটবে। আওয়ামী লীগ এটা সামলাতে পারবে না। তাই যত হুমকি আসুক না কেন ভোটারদের কেন্দ্রে গিয়ে সরকারের সব অপকর্মের উত্তর দিতে হবে।

প্রার্থীদের গ্রেপ্তার হওয়ার প্রসঙ্গে তিনি আরো বলেন, গত দুই দিনে তিনজন প্রার্থীকে পুলিশ গ্রেপ্তার করেছে। আরো গ্রেপ্তার করা হবে। আরো গায়েবি মামলা হবে। আমার এলাকায় ট্রাকে করে অন্য এলাকা থেকে পুলিশ বাহিনী আনা হয়েছে। তারা রাতে বাড়িতে বাড়িতে অভিযান চালিয়ে নেতাকর্মী-সমর্থকদের থাকতে দেবে না।

নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না উপস্থিত ছিলেন এ সভায়। তিনি বলেন, লড়াইটা ১০ কোটি ভোটারদের লড়াই। এটা বিএনপি কিংবা জাতীয় ঐক্যফ্রন্টের একার লড়াই নয়। কাজেই যত বড় বিপদ আসুক না কেন, আমাদের এটাই সুযোগ। এই ভোটের মাধ্যমেই বেগম জিয়ার জীবনে বাঁচবে, কারাগার থেকে তিনি মুক্ত হবেন। এই ভোট যদি দিতে পারেন, তাহলেই কেবল এই অত্যাচারের হাত থেকে মুক্তি পাবেন।

মান্না আরো বলেন, এটা খুবই কঠিন লড়াই, প্রায় অসম্ভব লড়াই। কিন্তু সেটাকে সম্ভব করে তুলতে হবে। সেই লড়াই করবার জন্য আমরা আসছি, তার কোনো বিকল্প নাই।

সভায় উপস্থিত গণস্বাস্থ্য কেন্দ্রের ট্রাস্টি জাফরুল্লাহ চৌধুরী বলেন, জনগণ আপনাদের পক্ষে আছে। যেখানে যাই, এটা আমি দেখতে পাই। বাতাস আপনাদের পক্ষে আছে।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.