শুদ্ধস্বর রিপোর্ট। একাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটদের ব্র্রিফিংয়ে সংবাদকর্মীদের ডেকে এনে পরে বের করে দিলো নির্বাচন কমিশন (ইসি)। এ সময় সংবাদকর্মীদের সঙ্গে খারাপ আচরণও করা হয়।
আজ শনিবার সকাল সোয়া ১০টার দিকে রাজধানীর আগারগাঁওয়ে অবস্থিত নির্বাচন ভবনে এই ঘটনা ঘটে।
এর আগে ইসির জনসংযোগ শাখার সহকারী পরিচালক মো. আশাদুল হক গতকাল শুক্রবার সাংবাদিকদের এই অনুষ্ঠানে থাকার জন্য আমন্ত্রণ জানান। আমন্ত্রণ অনুযায়ী নির্দিষ্ট সময়ে সাংবাদিকরা উপস্থিত হন। কিন্তু পরে তাদের বের করে দিয়েই নির্বাহী ম্যাজিস্ট্রেটদের ব্রিফ করা হয়।
ব্রিফিং শেষে সিইসি কে এম নূরুল হুদা সাংবাদিকদের মুখোমুখি হন। এ সময় এক সাংবাদিক সিইসিকে উদ্দেশ্য করে বলেন, এভাবে বের করে দেয়ায় আমরা কষ্ট পেয়েছি। জবাবে সিইসি বলেন, আগামীকাল থেকে থাকতে দেবো।
আজ সকাল ১০টার দিকে নির্বাচন ভবনের ব্যাজমেন্ট-২’তে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটদের উদ্দেশ্যে নির্বাচন আচরণবিধিমালা সংক্রান্ত ব্রিফিং শুরু হয়।

