অর্জন, গর্জন, বর্জন এবং ধর্ষণ

ছোট্ট একটি গল্প দিয়েই বলি। গল্পটি আমার প্রিয় ভালোবাসার অনুজ জাকু বাবুর নিকট শোনা। আমাদের দেশে জনমানুষের অভাব নাই। বড় বড় পরিবার ( সদস্যের দিক দিয়ে)। কোনো এক বড় পরিবারের কর্তা ( যিনি ২২ সন্তানের পিতা) ব্যক্তি সমন্বয়ে ওনার এক নাতিকে,  কেউ একজন জিজ্ঞাসা করলো, আপনার দাদার কাছে কখনো কোনো পরিবার পরিকল্পনার কেউ আসে নি? উত্তরে বললেন, হ্যাঁ  একজন মহিলা এক সময় এসেছিলো, সেই ভদ্রমহিলাই আমার ছোটো দাদী।

গল্পটি বললাম কারণ, আমাদের মত ছোটো আয়তনের দেশে জন মানুষের অভাব নাই। এই রকম একটি জন ঘনবসতিপূর্ণ দেশে ক্রান্তিকাল যে কখন এবং কোন সময় আসে, তা ঠাউর করাই যেন জনগণের জন্য  ভীষণ কস্টকর। এরকম দেশেতো ক্রান্তিকাল কে আর আলাদা করে সংজ্ঞায়নের কোনো প্রয়োজন নাই। কেননা বারো মাসের তের পার্বণের মত ক্রান্তিকাল তো লেগেই থাকে। এই ক্রান্তিকালের ভিরেও আমাদের জন্য বছরে  কয়েকটি ধর্মীয় পার্বণ ছাড়াও একটি বিরাট পার্বণের দেখা দেয়, প্রতি পাঁচ বছর পর , সেটা সবারই জানা , ” নির্বাচন “!

অর্জন, গর্জন, বর্জন  আর ধর্ষণ নিয়ে ছোটো করে যা
বলবো, তা সব নির্বাচন কে ঘিরেই।

অর্জন  :
লক্ষ্যণীয় যে, এই দেশের সবচেয়ে বড় অর্জন জন যুদ্ধের মধ্যে দিয়ে লক্ষ মানুষের প্রাণের বিনিময়ে স্বাধীন একটি দেশ ” বাংলাদেশ “। এই অর্জনের পিছনে যাদের অবদান অনেক বেশি , তারা কিন্তু আমাদের রাজনীতিবিদরাই। যে জনগণ যুদ্ধ করেছেন, প্রাণ দিয়েছেন, তারা স্বাভাবিকভাবেই দেশের সেরা মানুষ। তাদের কে বিতর্কের উপরে রাখাই শ্রেয়। দেশ স্বাধীন করার মূল কারিগর কিন্তু আমাদের প্রাণ প্রিয় রাজনীতিবিদরাই। যুদ্ধে ধ্বংসাত্মক দেশ গড়ার কারিগরও কিন্তু সেই রাজনীতিবিদগণই। কৃষক, শ্রমিক, মেহনতি মানুষের অবদান নিঃসেন্দহে অনেক উঁচুতে এবং প্রধান। একটি দেশ গড়ার বা উঁচুতে উঠা এই শ্রেণীর মানুষের দ্বারাই হয়। তবে এর পিছনে যে মানুষদের অবদান থাকে তারা মূলত রাজনীতিবিদ বা বলা যায় দেশ গড়ার কারিগর। বিতর্ক  হতে পারে তাদের কর্মের, তবে রাজনীতিবিদরাই একটি সুন্দর পরিকল্পনার মধ্যে দিয়ে দেশকে সবার জন্য উপভোগ্য করে তুলতে পারেন।

এই অর্জনের কথা বলতে গিয়েই, বলতে হয় সামনের নির্বাচনের কথা। এই স্বাধীনতা অর্জনের পরেও  গণতান্ত্রিক পদ্ধতিতে আমাদের দেশে এখনও একটি ভালো নির্বাচন হয়নি। যাও দু-একটি উদহারণ আমাদের চোখের সামনে ভেসে উঠে, সেটা কিন্তু, প্রকৃত গণতান্ত্রিক পদ্ধতিকে ল্যাপ-ছ্যাঁব দিয়ে তৈরি করা তথাকথিত তত্ত্বাবধানের গণতন্ত্রের ভালো নির্বাচন ছিলো।
সেই সূত্রেই বলতে চাই, প্রকৃত গণতন্ত্রের সময় প্রায় অর্ধ শতক বছরের স্বাধীন দেশে নিশ্চয়ই থাকা উচিত। এ অব্দি যা হয়েছে, সেটাকে রাজনীতিবিদরা মনোন থেকে বনবাসে পাঠিয়ে দিয়ে সামনের দিকে তাকালেই , দশের এবং দেশের আগামীর জন্য অতীব ভালো। এখানে বর্তমান রাজনীতির বৈপরীত্যও থাকা সত্যেও, একটি ভালো দিক বা ভালো অর্জন হলো , ” এবার সকল দলের নির্বাচনে আগমন”। আমাদের দেশের মূল কারিগর রাজনীতিবিদদের প্রতি অনুরোধ থাকবে, এই অর্জনকে  দেশের ভবিষ্যতের জন্য গণতন্ত্রের স্বার্থেই সঠিক মূল্যায়ন করুণ এবং গণতন্ত্র কে সম্মান করুণ।

গর্জন  :
নির্বাচন কে ঘিরে আমাদের সম্মানিত দেশ গড়ার কারিগরগণ প্রতিদিন যেভাবে গর্জন করছেন , বিশেষ করে দেশে ভবিষ্যতে ক্ষমতাসীন হতে যাওয়া বড় দল দুটির নেতা-নেত্রীগণ! তাদের কথা শুনলে মনে হয়, এই জন ঘনবসতিপূর্ণ দেশে মানুষের সংখ্যা ৩২ কোটি। কেননা তাদের ভাষ্যনুযায়ী তাদের দুই দলের সাথেই ১৬ কোটি করে মানুষের জনসমর্থন আছে। নির্বাচনটি ভালো হবে কি করে সেটাই বলুন, এত জনসমর্থনের গর্জন করার কোনো প্রয়োজন নেই বলেই মনে হয়। সঠিক নির্বাচন হোক, জনগণই বলে দিবে কার সাথে কত কোটি সমর্থন আছে।  আরো যে গর্জন করছেন আপনারা, সে কথা সব লিখতে গেলে একটি মহাকাব্য লিখতে হবে!
সেই মহাকাব্যের দিকে না যাই, তবে নির্বাচন কে ঘিরে যে সকল গৃহযুদ্ধের বাক-বিতর্ক আপনারা জড়াচ্ছেন , তা রাজনীতি এবং দেশের কোনো মঙ্গল বয়ে আনবে না । আপনারা দেশ গড়ার সম্মানিত কারিগর রাজনীতিবিদ, কেন অযথা নিজেদের কে মানুষের সামনে এত নিচে নামিয়ে আনেন ? কোনো প্রয়োজন আছে কি ? নির্বাচনে জয়ী হলে কি করবেন? সে আশার বাণীই আপনাদের কাছে জনগণ বেশি করে শুনতে চায়। সুযোগ বুঝে কেবল আশার বাণীই শোনাবেন না, বাস্তবতার নিরিখে কি পরিকল্পনায় বা পরিকাঠামোর ভিত্তি কি তা সুস্পষ্ট করে আমাদের কে বলুন। ধারণা করি সুপরিকল্পিত, সুচিন্তিত আশার বাণীই আপনাদের কে বেশি বেশি ভোটে জয়ী হতে সাহায্য করবে। কথায় বলে না, ” বেশি গর্জনে বর্ষে কম “। আবার এত গর্জনে না আশায় গুরেবালি হয়। সুতরাং ভোটের বাজারে বেশি গর্জন না করিয়া ভবিষ্যতে দেশের এবং জনগণের জন্য কিভাবে কি অর্জন করবেন? সেটাই বলুন।আপনাদের পরিমিত গর্জনই আমাদের কে বেশি সুচিন্তিত ভাবে সঠিক জায়গায় ভোটটি দিতে সহায়ক হবে। বলাই যায়, আপনাদের মত সম্মানিত রাজনীতিবিদদের গর্জন কে জনগণ সত্যিকার অর্থেই কোনো মূল্যায়ন করে না। সুতরাং বিনা পাত্রে গর্জন করিবেন না বলিয়াই আম জনতা আশা করে।

বর্জন  :
“হেন করেঙ্গা তেন করেঙ্গা” এ জাতীয় আবল-তাবল কথার মূল্য জনমানুষের কাছে একেবারেই নিম্নে। নির্বাচন হবে, হতেই হবে এবং সকলেই শেষ অব্দি লড়াইয়ের মানসিকতা লড়েজান। আপনাদের লড়ার মানসিকতা ও জনগণের উপর প্রভাব ফেলতে পারে, আপনাদের জয়ী হতে। নির্বাচন না হলে জন মানুষের যত না দুর্ভোগ! তার চেয়ে কিন্তু আপনারা রাজনীতিবিদরাই বেশি ক্ষতিগ্রস্থ হবেন। ভূলে যাবেন না, তৃতীয় শক্তির আগমন আমাদের দেশে অনেকবার হয়েছে, দুর্ভাগ্যের যে সেটা আপনাদের মতন দেশ গড়ার কারিগর রাজনীতিবিদরাই আমন্ত্রণ জানিয়ে এনেছেন। একবার না বারবার ! এই একটি ক্ষেত্রে জনগণের কোনো হাত থাকে না । আপনাদের চরম ভুলের খেসারত তো আপনারা দিয়েছেন ইতিপূর্বেই । কত নাকে খত দিয়েছেন, আপনাদের ভুলের কারণেই । আমরা জনগণ শুধু আশা করবো, সেই নাকে খতের কথা আপনাদের নিশ্চয়ই স্বরণে আছে। তৃতীয় শক্তির আগমনে জনগণ কিন্তু সব সময় জেনে বা না বুঝে সানন্দেই গ্রহণ করে নেয়। কেননা তৃতীয় শক্তির আগমনে জনগণের চোখে কেবল আপনাদের ভুলগুলোই সামনে ভাসে, ভালো কাজগুলো মাটি চাপা পরে। সুতরাং সেই সকল হিসেব কষে নিশ্চয়ই কেউ নির্বাচন বর্জনের কথা ঘূর্ণাবর্তে ভাববেন না। অবশ্য এই অব্দি ইতিবাচক যে , সকলেই নির্বাচন বর্জন করার কথা ভালোভাবেই বর্জন করে চলছেন। জনগণও আশা করে সেই জাতীয় কোনো বর্জনের কাল এবার আর আসবে না। বর্জনের কথা কেবল স্বরণ করিয়ে দেবার জন্যেই বলা, কেননা বর্জন কখনোই কোনো রাজনৈতিক দলগুলোর জন্য কোনো অর্জন হয় না ।

ধর্ষণ  :
সব শেষে ছোট্ট করে বলবো রাজনৈতিকভাবে জনগণকে ধর্ষণের কথা। বলছিলাম বিভিন্ন টিভি মিডিয়ার কথা। এই প্রকাশ্যে আকাশ বার্তায় রাজনৈতিক ব্যক্তিত্বগণ আজকাল যেভাবে কুরুচিপূর্ণ কথাবার্তার মাধ্যমে, একে অপরেকে অসম্মান করে, অতীব মিথ্যাচার করে , প্রতিনিয়ত, প্রতিদিন মানুষকে যে মানসিকভাবে রাজনৈতিক ধর্ষণ চালাচ্ছেন! এই রাজনৈতিক ধর্ষণ খুব দ্রুতই বন্ধ হওয়া উচিত। কেননা নতুন প্রজন্মের নতুন ভোটারদের কে অনবরত মিথ্যাচার করে যাচ্ছেন। পুরাতন ভোটাররা হয়তো আপনাদের মিথ্যাচারে প্রভাবিত হবেন না, কিন্তু আগামী ৩০ তারিখে যে ভোটারটি প্রথমবারের মত ভোট দিবে, তারা কিন্তু আপনাদের মিথ্যাচারে প্রভাবিত হতেও পারে। এখানে অবশ্য বলতেই হবে, মিথ্যাচার দিয়ে জনগণকে  রাজনৈতিক ধর্ষের ক্ষেত্রে মিডিয়ারই বেশি দোষ। কেননা ওনাদের সহযোগিতা না থাকলে, এইভাবে প্রকাশ্য মিথ্যাচারের উপায় থাকতো না। মিডিয়ার উচিত নানান পক্ষপাতিত্ব না করে সত্যের পথে হাটা উচিত। তা না হলে আপনাদেরকেউ জনগণ প্রত্যাখ্যান করতে বাধ্য হবে। ইতিমধ্যেই সামাজিক যোগাযোগ মাধ্যমে পক্ষপাতিত্ব মুলক মিডিয়ার কথা নাম ধরে ধরে প্রকাশ্যে আসছে। প্রমাণিত সত্য বহুল আছে। রাজনৈতিকভাবে ধর্ষণ চালানোর ক্ষেত্রে মিডিয়া এবং রাজনৈতিক ব্যক্তিত্ব সমানে সমান বলিয়াই প্রতীয়মান হয়।  আপনারা একে অপরকে সহযোগিতা করে যত ধর্ষণই চালান না কেন , সাধারণ জনগণ কিন্তু সব কিছুতেই অবহিত আছে। সুতরাং সময় থাকিতেই সাধন করা ভালো।
WhatsApp Image 2018-06-08 at 15.53.14 (1)

বুলবুল তালুকদার
সহকারী সম্পাদক,শুদ্ধস্বর ডটকম

 

 

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.