ব্রিটেনপ্রবাসী বাংলাদেশি লেখক, গবেষক ও সাংবাদিক মুহাম্মদ শাহেদ রাহমানের প্যারিস সফর উপলক্ষে মতবিনিময় সভা করেছে প্যারিস বাংলা প্রেসক্লাব।
বুধবার (৫ আগস্ট) সন্ধ্যায় প্যারিসের উপকণ্ঠ অভারভিলিয়ের একটি রেস্তোরাঁয় এ সভা অনুষ্ঠিত হয়। প্যারিস বাংলা প্রেসক্লাবের সভাপতি এনায়েত হোসেন সোহলের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মুহাম্মদ শাহেদ রাহমান। সভা সঞ্চালনা করেন সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক আবু তাহের রাজু।
অনুষ্ঠানের শুরুতে প্রেসক্লাবের সদস্যরা অতিথিকে শুভেচ্ছা জানান। শিক্ষা, গবেষণা, সাংবাদিকতা ও সাহিত্যচর্চায় তাঁর অবদানের প্রশংসা করেন তাঁরা।
পরে মুক্ত আলোচনায় বাংলাদেশ ও আন্তর্জাতিক অঙ্গনের সমসাময়িক পরিস্থিতি, প্রবাসী বাংলাদেশি কমিউনিটির সমস্যা ও সম্ভাবনা, সাংবাদিকতার বর্তমান চ্যালেঞ্জ, সাহিত্য-সংস্কৃতি এবং প্রবাসে বাংলা ভাষার চর্চাসহ বিভিন্ন বিষয় উঠে আসে।

প্রধান অতিথির বক্তব্যে মুহাম্মদ শাহেদ রাহমান বলেন, “প্রবাসে কর্মরত সাংবাদিকদের দায়িত্ব শুধু সংবাদ পরিবেশনের মধ্যেই সীমাবদ্ধ নয়; বরং নতুন প্রজন্মের কাছে দেশের ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতিকে সঠিকভাবে তুলে ধরার ক্ষেত্রেও তাদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। তিনি সত্যনিষ্ঠ, বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল সাংবাদিকতার চর্চা অব্যাহত রাখার আহ্বান জানান।”
সভাপতির বক্তব্যে এনায়েত হোসেন সোহল বলেন, “পেশাগত দায়িত্ব পালনের পাশাপাশি সাংবাদিকদের মধ্যে পারস্পরিক সৌহার্দ্য, অভিজ্ঞতা বিনিময় এবং গঠনমূলক আলোচনা সাংবাদিকতার মানোন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।”

অনুষ্ঠানে প্যারিস বাংলা প্রেসক্লাবের পক্ষ থেকে মুহাম্মদ শাহেদ রাহমানের হাতে প্যারিসের প্রতীক আইফেল টাওয়ারের একটি প্রতিরূপ স্মারক হিসেবে তুলে দেওয়া হয়।
সভায় আরও উপস্থিত ছিলেন প্যারিস বাংলা প্রেসক্লাবের দপ্তর সম্পাদক মোহাম্মদ ফখরুজ্জামান, শিক্ষা, গবেষণা ও আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক রাকিবুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ হাফিজুর রহমান, তথ্য, গবেষণা ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক ইকবাল মারুফ এবং সদস্য শাবুল আহমেদসহ অন্যরা।
অনুষ্ঠান শেষে প্রধান অতিথির সম্মানে নৈশভোজের আয়োজন করা হয়।
মুহাম্মদ শাহেদ রাহমান বাংলাদেশের একজন শিক্ষক, গবেষক, লেখক ও সাংবাদিক। তিনি সুনামগঞ্জের সৈয়দপুর আদর্শ কলেজের সাবেক অধ্যক্ষ। বর্তমানে তিনি ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটির সভাপতি। পাশাপাশি ঢাকা পোস্টের যুক্তরাজ্য প্রতিনিধি, বাংলা মিরর নিউজের বিশেষ প্রতিনিধি, বাংলা সংলাপের সহকারী সম্পাদক এবং ইউকে বাংলা গার্ডিয়ানের সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।
রাকিবুল ইসলাম, শুদ্ধস্বর ডটকমের ফ্রান্স প্রতিনিধি।

