চীন সরকার অক্টোবর থেকে আটক থাকা ভূগর্ভস্থ একটি গির্জার প্রতিষ্ঠাতা যাজক এজরা জিনকে মুক্তি দিয়েছে বলে জানা গেছে। রোববার ওই গির্জার কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছে।
জিন জায়ন চার্চের প্রতিষ্ঠাতা। এটি চীনের একটি অননুমোদিত চার্চ বা গির্জা। কিছু খ্রিস্টান সরকারি অনুমোদিত ও রাষ্ট্র নিয়ন্ত্রিত চার্চের পরিবর্তে এখানে উপাসনা করতে পছন্দ করেন।
খবর বার্তা সংস্থা এএফপি’র।
জিন চীনা ভাষাভাষীদের কাছে মিংরি নামেও পরিচিত। তাকে গত ১০ অক্টোবর ‘তথ্য নেটওয়ার্কের অবৈধ ব্যবহার’ সন্দেহে আটক করা হয়েছিল।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চলতি বছরের মে মাসে চীনের প্রেসিডেন্ট সি চিনপিংয়ের সঙ্গে বৈঠকের সময় তার বিষয়টি উত্থাপন করেন।
শনিবার মানবাধিকার সংগঠন ‘চায়না এইড’ জানায়, যাজক জিনকে চীনে আটক অবস্থা থেকে মুক্তি দেওয়ার পর তিনি যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে পৌঁছেছেন।
সংগঠনটির বিবৃতিতে বলা হয়, চীনা কর্মকর্তারা তাকে জানান যে তার মুক্তি ‘ডোনাল্ড জে. ট্রাম্প ও সি চিনপিংয়ের মধ্যে আলোচনার মাধ্যমে এবং এটি যুক্তরাষ্ট্রের স্বাধীনতা দিবসকে কেন্দ্র করে একটি সদিচ্ছা প্রকাশ হিসেবে করা হয়েছে।’
জিনের মেয়ে গ্রেস জিন এক বিবৃতিতে বলেন, ‘আমরা ঈশ্বরের কাছে এই অসাধারণ অলৌকিক ঘটনার জন্য কৃতজ্ঞ।’
তিনি আরও বলেন, এটি চীনে ধর্মীয় স্বাধীনতা এবং দুই দেশের সম্পর্কের ক্ষেত্রে ইতিবাচক পরিবর্তনের ইঙ্গিত বহন করবে।

