পশ্চিমবঙ্গে ভোট-পরবর্তী সহিংসতা অব্যাহত, ভাঙচুর, দেখলেই গ্রেপ্তারের নির্দেশ

পশ্চিমবঙ্গে ভোট-পরবর্তী সহিংসতা অব্যাহত রয়েছে। বিধানসভা নির্বাচনের ফল প্রকাশের দুই দিন পরেও চলছে হামলা, ভাঙচুর ও আগুন লাগানোর মতো ঘটনা।

মঙ্গলবার রাতে আসানসোল শিল্পাঞ্চলে তৃণমূলের একাধিক দলীয় কার্যালয়ে ভাঙচুর এবং আগুন লাগানোর অভিযোগ উঠেছে। আসানসোল কোর্ট মোড়ে তৃণমূলের একটি দলীয় কার্যালয়ে আগুন দেওয়া হয়। এর পাশাপাশি রূপনারায়ণপুর টোল প্লাজ়া, কুমারপুর, কুলটি, রানীগঞ্জ, জামুড়িয়া, বারাবনি এবং বার্ণপুরে তৃণমূলের একাধিক দলীয় কার্যালয়ে ভাঙচুরের অভিযোগ উঠেছে।

এমনকি কিছু কার্যালয় গেরুয়া রঙে রাঙিয়ে দেওয়ার ঘটনাও ঘটেছে বলে জানা গেছে। বিজেপি এ ঘটনার দায় স্বীকার করেনি। নির্বাচনের ফলাফলের দিন থেকেই নবনির্বাচিত বিজেপি বিধায়কেরা দাবি করে আসছেন যে, দলের কোনো কর্মী এর সঙ্গে জড়িত নন।

এদিকে, পশ্চিমবঙ্গে ভোট-পরবর্তী সহিংসতা রুখতে কঠোর পদক্ষেপের ঘোষণা দিয়েছেন দেশটির মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার। কোথাও ভাঙচুর বা হামলার ঘটনা দেখলেই অভিযুক্তদের অবিলম্বে গ্রেপ্তার করার নির্দেশ দিয়েছেন তিনি। রাজ্যের মুখ্যসচিব, রাজ্য পুলিশের ডিজি, কলকাতার পুলিশ কমিশনার এবং কেন্দ্রীয় সশস্ত্র বাহিনীর ডিরেক্টর জেনারেলকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন তিনি।

সূত্র: আনন্দবাজার

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.