স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার সকালে লেবুখালি ও দুলদুলি ফেরিঘাট এলাকায় গরু পাচারের খবর পান ওই বিধায়ক। পরে দলীয় কর্মীদের নিয়ে ঘটনাস্থলে পৌঁছে একটি গরুবোঝাই ট্রাক আটকান তিনি। ট্রাকে থাকা গরুগুলো নামিয়ে রাস্তার পাশে বেঁধে রাখার নির্দেশও দেন। পাশাপাশি গরুগুলোর জন্য পানি ও খাবারের ব্যবস্থাও করা হয়।
ঘটনার ভিডিও পরে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে যায়। সেখানে দেখা যায়, ট্রাকে থাকা লোকজনকে জিজ্ঞাসাবাদ করছেন রেখা পাত্র। সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে তিনি দাবি করেন, কম বয়সী গরু জবাই বা পাচারের বিরুদ্ধে কঠোর নজরদারির নির্দেশ রয়েছে। সেই কারণেই গরুর বয়স প্রমাণে ‘বার্থ সার্টিফিকেট’ দেখতে চাওয়া হয়েছে বলে জানান তিনি।
বিধায়কের বক্তব্যে আরও বিতর্ক তৈরি হয় যখন তিনি বলেন, নির্দিষ্ট বয়সের নিচে কোনো গরু পরিবহন করা হলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। আর প্রয়োজন হলে গরুগুলো মালিকের কাছ থেকে আলাদা করে দেওয়া হবে বলেও মন্তব্য করেন তিনি।
এদিকে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে হিঙ্গলগঞ্জ থানার পুলিশ ট্রাকটি নিজেদের হেফাজতে নেয়। গরু পরিবহনের প্রয়োজনীয় কাগজপত্র বৈধ কি না এবং কোথায় নেওয়া হচ্ছিল—সেসব বিষয় খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।
ঘটনার পর থেকেই ‘গরুর জন্ম সনদ’ প্রসঙ্গ নিয়ে নেটদুনিয়ায় শুরু হয়েছে নানা ট্রল, মিম ও হাস্যরসাত্মক আলোচনা।

