‘এই ছোট্ট শরীরের কোথায় কাটাছেঁড়া করবেন?’

রাজধানীর মগবাজারের আদ-দ্বীন হাসপাতালে একই ওয়ার্ডে মারা যাওয়া ৬ নবজাতকের ময়নাতদন্তের বিষয়টি আইনি দিক বিবেচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (এডিজি) অধ্যাপক জাহিদ রায়হান। আজ বুধবার দুপুরে আদ-দ্বীন হাসপাতাল পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।

জাহিদ রায়হান বলেন, ‘আসলে এত ছোট্ট বাচ্চাদের ময়নাতদন্তের বিষয়টি মানবিক দিক থেকে মেনে নেওয়া খুবই কঠিন। তবে, অস্বাভাবিক মৃত্যুতে আইনগত বিষয় হলো ময়নাতদন্ত করা উচিত। মৃত্যুর নির্ধারিত কারণ বের করতে ময়নাতদন্ত করা দরকার। এটা আইনি বিষয়।’

তিনি বলেন, ‘এ বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা রোগীর স্বজনদের জিজ্ঞাসা করবেন, তাদের সম্মতির ওপরও বিষয়টা নির্ভর করছে। এখানে আইনশৃঙ্খলা বাহিনী ও স্বাস্থ্য মন্ত্রণালয়ের শীর্ষ কর্মকর্তারা উপস্থিত আছেন। সবাই মিলেই সিদ্ধান্ত নেওয়া হবে।’

অধিদপ্তরের এডিজি বলেন, ‘আমাকে মৃত শিশু দেখিয়ে একজন বাবা জিজ্ঞেস করছেন, এই বাচ্চার ছোট্ট শরীরের কোথায় কাটাছেঁড়া (ময়নাতদন্ত) করবেন, আমি কিন্তু কোনো জবাব দিতে পারিনি।’

এদিকে আদ-দ্বীন হাসপাতালে ৬ নবজাতকের মৃত্যুর ঘটনায় তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এই কমিটিকে আগামী ৭২ ঘণ্টার মধ্যে রিপোর্ট দিতে হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) অধ্যাপক ডা. প্রভাত চন্দ্র বিশ্বাস।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.