ট্রাম্পের দাবি : ইরানি জাহাজ জব্দ, পাল্টা হুঁশিয়ারি তেহরানের

প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প জানিয়েছেন, যুক্তরাষ্ট্র তাদের নৌ-অবরোধের অংশ হিসেবে ইরানের পতাকাবাহী একটি পণ্যবাহী জাহাজের পথরোধ করে সেটি জব্দ করেছে।

ট্রাম্প তার নিজের সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে লিখেছেন, সংকেত দেওয়ার পরও থামতে ব্যর্থ হওয়ায় ইরানের পতাকাবাহী জাহাজ তুসকা জব্দ করেছে মার্কিন নৌবাহিনী।

“তাদের জাহাজটি পুরোপুরি আমাদের জিম্মায় রয়েছে। এতে কী আছে তা দেখা হচ্ছে,” বলেছেন তিনি।

মার্কিন সামরিক বাহিনী রোববার জানিয়েছে, ইরানি পতাকাবাহী পণ্যবাহী জাহাজটি ইরানের বন্দর আব্বাসের দিকে যাওয়ার সময় সেটি লক্ষ্য করে গুলি ছোড়ে তারা।

ইরানের সামরিক বাহিনী জানিয়েছে, জাহাজটি চীন থেকে আসছিল। তেহরান যুক্তরাষ্ট্রের এই পদক্ষেপকে যুদ্ধবিরতির লঙ্ঘন বলে অভিহিত করেছে।

ইরানের রাষ্ট্রায়ত্ত গণমাধ্যমে দেওয়া উদ্ধৃতিতে দেশটির সামরিক বাহিনীর এক মুখপাত্র বলেছেন, “আমরা সতর্ক করছি যে ইসলামিক প্রজাতন্ত্র ইরানের সশস্ত্র বাহিনী শিগগিরই এর জবাব দেবে এবং মার্কিন সামরিক বাহিনীর সশস্ত্র জলদস্যুতার বিরুদ্ধে প্রতিশোধ নেবে।”

রয়টার্স জানিয়েছে, যুক্তরাষ্ট্র ইরানের পতাকাবাহী কার্গো জাহাজ জব্দ করার কথা জানানোর পর ইরান প্রতিশোধ নেওয়ার প্রত্যয় জানিয়েছে আর এতে সোমবার এমন উদ্বেগ দেখা দিয়েছে যে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধবিরতি হয়তো আর কার্যকর থাকবে না।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.