ইরানি নেতৃত্ব ভেঙে পড়ার কোনো ঝুঁকি নেই: মার্কিন গোয়েন্দা প্রতিবেদন

প্রায় দুই সপ্তাহ ধরে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের বোমাবর্ষণের পরও ইরানের নেতৃত্ব এখনো সুসংহত রয়েছে। ইরানের শাসনব্যবস্থা শিগ্‌গিরই পতনের কোনো ঝুঁকিতে নেই। বিষয়টির সঙ্গে সংশ্লিষ্ট সূত্রের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, মার্কিন গোয়েন্দা তথ্যের ওপর ভিত্তি করে একটি সূত্র জানিয়েছে, ‘বিভিন্ন গোয়েন্দা প্রতিবেদনের ধারাবাহিক বিশ্লেষণে উঠে এসেছে, বর্তমান শাসনব্যবস্থা পতনের ঝুঁকিতে নেই এবং ইরানি জনগণের ওপর নিয়ন্ত্রণ ধরে রেখেছে।’

সূত্র জানায়, সবশেষ প্রতিবেদনটি গত কয়েক দিনের মধ্যে সম্পন্ন হয়েছে। তেলের দাম বাড়ার কারণে রাজনৈতিক চাপ বেড়ে যাওয়ায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানে সামরিক অভিযান শিগ্‌গিরই শেষ করবেন বলে ধারণা করা হচ্ছে।

গোয়েন্দা প্রতিবেদনে বলা হয়েছে, মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরাইলি হামলার প্রথম দিন সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি নিহত হলেও ইরানের ধর্মীয় নেতৃত্বের মধ্যে সংহতি বিদ্যমান রয়েছে। একজন জ্যেষ্ঠ ইসরাইলি কর্মকর্তা রয়টার্সকে বলেন, রুদ্ধদ্বার আলোচনায় ইসরাইলি কর্মকর্তারাও স্বীকার করেছেন, যুদ্ধে ইরানের বর্তমান শাসনব্যবস্থার পতনের কোনো নিশ্চয়তা নেই।

জাতীয় গোয়েন্দা পরিচালকের কার্যালয় এবং কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা এ বিষয়ে মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছে। হোয়াইট হাউসের পক্ষ থেকেও তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করা হয়নি।

সূত্র: বার্তা সংস্থা রয়টার্স

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.