প্যারিসের উপকণ্ঠ ববিনিতে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস–২০২৬ উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছে ফ্রান্স আন্তর্জাতিক শিল্পকলা এসোসিয়েশন (আইএএফ)। আগামী রোববার, ২২ ফেব্রুয়ারি বিকেল ৩টা ৩০ মিনিটে ববিনি মেরীর ‘সাল দ্য অনার’-এ অনুষ্ঠিত হবে এ অনুষ্ঠান।
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, ভাষা শহীদদের স্মরণ ও মাতৃভাষার মর্যাদা রক্ষার অঙ্গীকার পুনর্ব্যক্ত করতেই এই আয়োজন। আলোচনা পর্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ফরাসি গণমাধ্যমের সাংবাদিক ও বিশিষ্ট ব্যক্তিত্বরা। তাঁদের মধ্যে রয়েছেন টিএফ১–এর সাংবাদিক এলেদি পালিসউইথ, অর্থফোনিস্ট ওদিল ত্রিমিলা, টিএফ১ ও এম৬–এর ফটো সাংবাদিক আর্নোড মোরিয়েল, পিএএইচডি–এর সেক্রেটারি জেনারেল ও ইউনেস্কো প্রতিনিধি এন ওয়াই এন্ড্রিয়ামানজাতো, বিবিসি ওয়ার্ল্ড সার্ভিসের সাংবাদিক মানসী বড়ুয়া, এসএএফ–এর প্রেসিডেন্ট খিয়াং নয়ন এবং ববিনি মেরীর মেয়র আবদেল সাদী।
সাংস্কৃতিক পর্বে প্যারিসের জনপ্রিয় শিল্পী মৌসুমী চক্রবর্তী, নজল বড়ুয়া ও চয়ন বড়ুয়া সঙ্গীত পরিবেশন করবেন। এছাড়া সমবেত সঙ্গীত, কবিতা আবৃত্তি, নৃত্য ও যন্ত্রসঙ্গীত পরিবেশনার মধ্য দিয়ে প্রবাসী শিল্পীরা অংশ নেবেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করবেন অর্পিতা রায় (বাংলা) ও নবকুমার বড়ুয়া (ফরাসি)।
আইএএফের সভাপতি সীবলী বড়ুয়া ও সাধারণ সম্পাদক মৌসুমী চক্রবর্তী প্যারিস প্রবাসী সকল জাতি, ধর্ম ও বর্ণের মানুষকে অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য আমন্ত্রণ জানিয়েছেন। আয়োজকদের প্রত্যাশা, প্রবাসে থেকেও মাতৃভাষার প্রতি ভালোবাসা ও সাংস্কৃতিক ঐক্যের বন্ধন আরও দৃঢ় হবে এই আয়োজনে।
রাকিবুল ইসলাম, শুদ্ধস্বর ডটকমের ফ্রান্স প্রতিনিধি।

