ভেনেজুয়েলায় দুটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হানার পর উদ্ধারকারীরা জীবন বাঁচাতে ধ্বংসস্তূপের মধ্যে দ্রুত তল্লাশি চালাচ্ছেন। এই ভূমিকম্পে অন্তত ২৩৫ জন নিহত এবং ১৫০০ জনেরও বেশি মানুষ আহত হয়েছেন।
শুক্রবার (২৬ জুন) বিবিসি জানিয়েছে, রাজধানী কারাকাস এবং নিকটবর্তী উপকূলীয় শহর লা গুয়াইরায় ধসে পড়া ভবনের ধ্বংসস্তূপের নিচ থেকে মানুষের সাহায্যের জন্য আর্তনাদ শোনা যাচ্ছে।
ইউএস জিওলজিক্যাল সার্ভে (ইউএসজিএস) অনুসারে, প্রথম ৭ দশমিক ২ মাত্রার ভূমিকম্পটির কয়েক সেকেন্ড পরেই আরো শক্তিশালী ৭ দশমিক ৫ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হানে। দুটি ভূমিকম্পই ভূপৃষ্ঠের কাছাকাছি হওয়ায় ধ্বংসযজ্ঞ আরো মারাত্মক আকার ধারণ করে।
দুর্যোগের পর আরো বহু মানুষ মারা গেছেন বলে আশঙ্কা করা হচ্ছে। অনেকে গৃহহীন হয়ে পড়েছেন অথবা ক্ষতিগ্রস্ত ও অনিরাপদ ভবনে থাকতে ভয় পাচ্ছেন এবং রাস্তায় রাত কাটাচ্ছেন।
ভূমিকম্প দুটি বুধবার স্থানীয় সময় সন্ধ্যা ৬টা ৪ মিনিটে আঘাত হানে। সেদিন ভেনেজুয়েলায় একটি জাতীয় ছুটির দিন ছিল, যার অর্থ হলো সাধারণ কর্মদিবসের তুলনায় সেদিন বেশি মানুষ বাড়িতে ছিলেন।
ইউএসজিএস অনুসারে, দুটি ভূমিকম্পই ছিল অগভীর – প্রথমটির কেন্দ্র ছিল ভূপৃষ্ঠের ২০ দশমিক ৩ কিলোমিটার নিচে এবং দ্বিতীয়টির কেন্দ্র ছিল ১০ কিলোমিটার গভীরে।
ভেনিজুয়েলার জাতীয় সংসদের সভাপতি হোর্হে রদ্রিগেজ বৃহস্পতিবার জানিয়েছেন, দেশটির অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট দেলসি রদ্রিগেজ জরুরি অবস্থা ঘোষণা করার পর মৃতের সংখ্যা বেড়েছে।
বেশ কয়েকটি দেশ উদ্ধারকাজে সাহায্যের প্রতিশ্রুতি দিয়েছে, যার মধ্যে যুক্তরাষ্ট্র ১৫০ মিলিয়ন ডলার সাহায্যের অঙ্গীকার করেছে। এক বিবৃতিতে মার্কিন সামরিক বাহিনী জানিয়েছে, তারা অনুসন্ধান ও উদ্ধারকারী দল এবং ‘দ্রুত ত্রাণ কার্যক্রম’-কে সহায়তা করার জন্য পরিবহন জাহাজ ও বিমান পাঠাচ্ছে।

