নির্বাচন ঘিরে ইউরোপীয় ইউনিয়নের সাম্প্রতিক বক্তব্য বাংলাদেশের রাজনীতিতে একটি নতুন ও গুরুত্বপূর্ণ বিতর্কের জন্ম দিয়েছে। ‘অন্তর্ভুক্তিমূলক ও অংশগ্রহণমূলক নির্বাচন’—এই বহুল ব্যবহৃত শব্দযুগলের ব্যাখ্যায় ইউরোপীয় ইউনিয়ন নির্বাচন পর্যবেক্ষণ মিশনের (ইইউ ইওএম) প্রধান ইভার্স ইয়াবস যে দৃষ্টিভঙ্গি তুলে ধরেছেন, তা একদিকে প্রচলিত রাজনৈতিক বয়ান থেকে সরে আসার ইঙ্গিত দেয়, অন্যদিকে গণতন্ত্রের মৌলিক ধারণার দিকে ফেরার একটি কৌশল হিসেবেও দেখা যেতে পারে।
দীর্ঘদিন ধরে বাংলাদেশের রাজনৈতিক আলোচনায় ‘অংশগ্রহণমূলক নির্বাচন’ বলতে প্রায় সমার্থকভাবে বোঝানো হতো—সব প্রধান রাজনৈতিক দলের নির্বাচন অংশগ্রহণ। বিশেষ করে ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলোর কূটনৈতিক ভাষ্যে এটি ছিল একটি অনানুষ্ঠানিক মানদণ্ড। সেই জায়গা থেকে সরে এসে ইভার্স ইয়াবস যখন বলেন, অংশগ্রহণ বলতে তাঁরা ‘বিশ্বাসযোগ্য ভোটার উপস্থিতি’ বোঝেন, তখন তা কেবল শব্দের সংজ্ঞা বদল নয়; বরং এটি ইউরোপের মূল্যায়ন কাঠামোর একটি মৌলিক পুনর্গঠন।
ইইউর এই অবস্থান স্পষ্ট করে দেয় যে, তাদের দৃষ্টিতে নির্বাচন মানে কেবল রাজনৈতিক দলগুলোর প্রতিযোগিতা নয়, বরং নাগরিকদের সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে ভবিষ্যৎ নির্ধারণের একটি প্রক্রিয়া। নারী, জাতিগত ও ধর্মীয় সংখ্যালঘু, প্রান্তিক অঞ্চলসহ সমাজের সব স্তরের মানুষের ভোটাধিকার প্রয়োগের সুযোগ নিশ্চিত করাই এখানে ‘অন্তর্ভুক্তি’র মূল কথা। এটি এমন এক ব্যাখ্যা, যা তাত্ত্বিকভাবে গণতন্ত্রের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ, কারণ গণতন্ত্রের কেন্দ্রবিন্দু রাজনৈতিক দল নয়, নাগরিক।
এই নতুন ব্যাখ্যার রাজনৈতিক তাৎপর্য আরও গভীর হয়ে ওঠে বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপটে। ২০২৪ সালের গণ-অভ্যুত্থানের পর আওয়ামী লীগের পতন, দলটির কার্যক্রম ও ছাত্রসংগঠনের ওপর নিষেধাজ্ঞা এবং নিবন্ধন স্থগিত হওয়ার ফলে তাদের নির্বাচনে অংশ নিতে না পারা—এই বাস্তবতায় ‘সব দলের অংশগ্রহণ’কে শর্ত হিসেবে না দেখার ইউরোপীয় অবস্থান একটি বাস্তববাদী সমন্বয় বলেই মনে হয়। ইয়াবস স্পষ্টভাবেই বলেছেন, রাজনৈতিক দল নিবন্ধনের বিষয়টি ঐতিহাসিক, জাতীয় ঐকমত্য ও অন্তর্বর্তীকালীন ন্যায়বিচারের সঙ্গে যুক্ত একটি জটিল প্রশ্ন, যেখানে ইইউ সরাসরি মন্তব্য করতে চায় না। তবে এর প্রভাব যদি ভোটার উপস্থিতি বা নির্বাচনের বিশ্বাসযোগ্যতার ওপর পড়ে, তাহলে সেটি পর্যবেক্ষণের আওতায় আসবে।
এর মধ্য দিয়ে ইউরোপীয় ইউনিয়ন এক ধরনের ভারসাম্য রক্ষা করতে চাইছে। একদিকে তারা বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনৈতিক সিদ্ধান্তে সরাসরি হস্তক্ষেপের অভিযোগ এড়াতে চায়, অন্যদিকে নির্বাচনের মূল সূচক হিসেবে নাগরিক অংশগ্রহণ ও ভোটের স্বচ্ছতাকে সামনে আনছে। এই অবস্থান কূটনৈতিকভাবে সতর্ক, আবার কৌশলগতভাবেও তাৎপর্যপূর্ণ।
সংখ্যালঘুদের ভয়ভীতি প্রদর্শন, নির্বাচনপূর্ব ও পরবর্তী সহিংসতা, সামাজিক যোগাযোগমাধ্যমে উসকানি—এসব বিষয়ে ইইউ ইওএমের উদ্বেগও তাদের বক্তব্যে স্পষ্ট। ৬৪ জেলায় পর্যবেক্ষক মোতায়েন, বিশেষ সামাজিক যোগাযোগমাধ্যম পর্যবেক্ষণ ইউনিট এবং দীর্ঘমেয়াদি বিশ্লেষণ কাঠামো ইঙ্গিত দেয়, ইউরোপ এই নির্বাচনকে কেবল আনুষ্ঠানিকভাবে নয়, গভীরভাবে পর্যবেক্ষণ করতে চায়। তবে ইয়াবসের বক্তব্যে একটি গুরুত্বপূর্ণ সীমারেখাও টানা আছে—ইইউ নির্বাচন পর্যবেক্ষণ করবে, কিন্তু ফলাফল অনুমোদন বা প্রত্যয়ন করবে না। অর্থাৎ সার্বভৌম সিদ্ধান্তের ভার পুরোপুরি বাংলাদেশের জনগণ ও প্রতিষ্ঠানের হাতেই থাকবে।
২০০৮ সালের পর দীর্ঘ বিরতির পর বাংলাদেশে পূর্ণাঙ্গ ইইউ নির্বাচন পর্যবেক্ষণ মিশনের উপস্থিতি নিজেই একটি রাজনৈতিক বার্তা। এটি দেখায় যে, ইউরোপীয় ইউনিয়ন বর্তমান নির্বাচনকে বাংলাদেশের গণতান্ত্রিক যাত্রায় একটি গুরুত্বপূর্ণ সন্ধিক্ষণ হিসেবে দেখছে। একই সঙ্গে তাদের নতুন ব্যাখ্যা বাংলাদেশের রাজনীতিকে একটি ভিন্ন প্রশ্নের মুখোমুখি দাঁড় করায়—নির্বাচনের বৈধতা কি কেবল রাজনৈতিক দলগুলোর উপস্থিতির ওপর নির্ভরশীল, নাকি নাগরিকদের অবাধ ও নির্ভীক অংশগ্রহণই এর প্রকৃত ভিত্তি?
ইইউর বক্তব্যের এই পরিবর্তিত সুর বাংলাদেশের জন্য এক ধরনের সুযোগও বটে। যদি নির্বাচন সত্যিই শান্তিপূর্ণ, স্বচ্ছ ও বিশ্বাসযোগ্য হয় এবং ভোটার উপস্থিতি সমাজের সব স্তরে দৃশ্যমান থাকে, তাহলে আন্তর্জাতিক পরিসরে এর গ্রহণযোগ্যতা বাড়তে পারে। আবার যদি অন্তর্ভুক্তি ও অংশগ্রহণ কাগজে-কলমে সীমাবদ্ধ থাকে, তবে নতুন সংজ্ঞাও বাস্তবে অর্থহীন হয়ে পড়বে।
সব মিলিয়ে ইউরোপীয় ইউনিয়নের অবস্থানকে সরলভাবে রাজনৈতিক পক্ষপাত বা কৌশলগত সুবিধাবাদ বলে উড়িয়ে দেওয়া যাবে না। বরং এটি গণতন্ত্রের নাগরিককেন্দ্রিক ব্যাখ্যার দিকে ঝোঁকার একটি ইঙ্গিত। এখন প্রশ্ন একটাই—বাংলাদেশ কি এই ব্যাখ্যাকে বাস্তবে রূপ দিতে পারবে ?
লেখক: হাবিব বাবুল
প্রধান সম্পাদক, শুদ্ধস্বর ডটকম ।

