এরপর যুক্তরাজ্য, চীনসহ মেডিকেল বোর্ডের সদস্যদের বৈঠকে খালেদা জিয়ার চিকিৎসা নিয়ে পরবর্তী সিদ্ধান্ত জানানো হবে।
দেশের একদল বিশেষজ্ঞ চিকিৎসক, যুক্তরাষ্ট্রের জনস হপকিনস হাসপাতালের চিকিৎসক এবং লন্ডন ক্লিনিকের বিশেষজ্ঞ চিকিৎসকদের সমন্বয়ে গঠিত মেডিকেল বোর্ডের অধীন খালেদা জিয়ার চিকিৎসা চলছে।
বিএনপির পক্ষ থেকে জানানো হয়েছে, গত ১২ ঘণ্টায় খালেদা জিয়ার স্বাস্থ্যের অবস্থা অপরিবর্তিত রয়েছে।
এর আগে, খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন ব্রিফিংয়ে জানান, খালেদা জিয়ার শারীরিক অবস্থার নতুন করে অবনতি হয়নি। চিকিৎসাতেও তিনি সাড়া দিচ্ছেন।
আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানায়, সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, বিমানবাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন ও নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল মোহাম্মদ নাজমুল হাসান গত রাতে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বেগম খালেদা জিয়াকে দেখতে যান।
সংশ্লিষ্ট দায়িত্বশীল সূত্র জানিয়েছে, দুই দেশের বিশেষজ্ঞ চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী খালেদা জিয়ার পরিবার তাঁর চিকিৎসার ব্যাপারে পরবর্তী ব্যবস্থা নিতে পারে।

