নীরদ চন্দ্র চৌধুরী—উপমহাদেশের বৌদ্ধিক ইতিহাসে এক উজ্জ্বল অথচ বিতর্কিত নাম। তাঁর জন্মদিনে তাঁকে স্মরণ করতে বসে মনে পড়ে ১৯৯৩ সালের লন্ডনের এক দেড় মাসের সময়ের কথা; যে সময়টুকু আমার জীবনে অমূল্য হয়ে আছে শুধুমাত্র এক বিশেষ দিনের কারণে—অক্সফোর্ডে নীরদবাবুর সঙ্গে সাক্ষাতের অপরূপ অভিজ্ঞতা।
সেই সময় আমি লন্ডনে অবস্থান করছিলাম আমার ছাত্ররাজনীতির অগ্রজ আতম গিয়াস উদ্দিন খিজির ভাইয়ের বাসায়। সেখানে অবস্থান করছিলেন বাংলাদেশের স্বাধীনতা আন্দোলনের রূপকার, কিংবদন্তি সংগঠক সিরাজুল আলম খানও। প্রতি রাতেই আড্ডা জমে উঠত—বাংলাদেশের রাজনীতি, ভারতবর্ষের ইতিহাস, বিশ্বরাজনীতির ঢেউ-রেল, সবকিছুই আলোচনায় আসত। আমাদের এই আড্ডার স্থায়ী সদস্য ছিলেন বঙ্গবন্ধুর ৬০–৭০ দশকের সহচর ও প্রেস সেক্রেটারি আমিনুল হক বাদশা।
একদিন সিরাজ ভাই জানালেন—অক্সফোর্ডে নীরদ চন্দ্র চৌধুরীর সঙ্গে দেখা করতে যাবেন, বাদশা ভাই যোগাযোগ করেছেন। আমাকেও সঙ্গে নেওয়ার কথা জানাতেই ভেতরটা আনন্দে কেঁপে উঠল। নীরদ চৌধুরীকে আমি আগে থেকেই চিনতাম তাঁর লেখা এবং আনন্দ পাবলিশার্সের কর্ণধার বাদল বসুর কাছ থেকে শোনা গল্পের মাধ্যমে। বাদলদা যখন জার্মানিতে আমার অতিথি হয়ে আসতেন, তখন প্রায়ই তাঁর অক্সফোর্ড সফরের অভিজ্ঞতা বলতেন—নীরদবাবুর সাথে তাঁর আলাপ, পান্ডুলিপি নেওয়া, বই প্রকাশের গল্প। সে সব শুনে যার ওপর একধরনের কিংবদন্তির আবরণ তৈরি হয়েছিল, সেই মানুষটির মুখোমুখি দাঁড়াতে যাচ্ছি— ভাবতেই রোমাঞ্চ হচ্ছিল।
দুপুরে আমরা রওনা দিলাম—আমি, সিরাজুল আলম খান, বাদশা ভাই আর খিজির ভাই। অক্সফোর্ডের শান্ত রাস্তায় গাড়ি ঢুকতেই মনে হচ্ছিল আমরা যেন ইতিহাসের আরেক স্তরে প্রবেশ করছি। তাঁর বাড়ির সামনে পৌঁছাতেই একটি ছোটখাটো, ধুতি-পরা, সৌম্য মানুষ দরজা খুলে আমাদের অভ্যর্থনা জানালেন—নীরদ চন্দ্র চৌধুরী। তাঁকে প্রথমবার দেখে মনে হয়েছিল—বয়সই যেন তাঁকে আরো সঙ্ঘবদ্ধ, আরো উজ্জ্বল করে তুলেছে।
বসার ঘরটি ছিল সাজানো, নীরব, বইপত্রে ঘেরা। তিনি জানালেন—স্ত্রী অসুস্থ, ওপরতলায় বিশ্রামে আছেন। আমরা বাংলাদেশের মানুষ জেনে তিনি বিশেষভাবে খুশি হলেন, সেটা তাঁর চোখের দ্যুতিতেই টের পাওয়া যাচ্ছিল। বাদশা ভাই সিরাজ ভাইকে পরিচয় করিয়ে দিলেন—১৯৬২ সাল থেকে স্বাধীনতার জন্য কাজ করা একজন স্থপতি হিসেবে। নীরদবাবু মনোযোগ দিয়ে শুনলেন, প্রশ্ন করলেন—তার ভঙ্গি ছিল সদাচারী, তীক্ষ্ণ, আবার কোথাও কোথাও প্রায় একাডেমিক শীতলতা।
বাংলাদেশ প্রসঙ্গে কথা উঠতেই আমি তাঁকে প্রশ্ন করি—কেন তিনি একসময় ‘তথাকথিত বাংলাদেশ’ শব্দবন্ধটি ব্যবহার করেছিলেন। তিনি ভৌগোলিক ও ঐতিহাসিক যুক্তি টেনে তাঁর অবস্থান ব্যাখ্যা করলেন। তাঁর দৃষ্টিতে ‘পূর্ব বাংলা’ শব্দটি বাংলাদেশের চেয়ে প্রকৃতিকে বেশি ধারণ করে। যদিও তাঁর অনেক ব্যাখ্যা ছিল, তবুও তিনি বাংলাদেশের বাস্তবতা বা জাতিসত্তার স্বতন্ত্র উত্থানকে সেভাবে স্বীকার করতে চাননি—এটাই আমার কাছে স্পষ্ট হয়ে আসে।
তবে এ কথাও সত্য—তিনি কোনো কথাই আমাদের খুশি করার জন্য বলেননি। আমরা বাংলাদেশি বলে অহেতুক প্রশংসা করেননি। তাঁর কাছে সত্য ছিল সত্য, এবং তিনি তা নির্মম সততায় উচ্চারণ করতেন। ভারত সম্পর্কেও কোনো রাখঢাক রাখেননি। জীবনযাত্রার মান, সামাজিক কাঠামো, রাজনৈতিক ব্যর্থতা—তিনি সব নিয়ে কঠোর সমালোচনা করলেন। ব্রিটিশ শাসনকেও তিনি এক অনন্য দৃষ্টিকোণ থেকে ব্যাখ্যা করলেন—যেখানে কৃতজ্ঞতা ও সমালোচনা পাশাপাশি চলেছে।
আমার সাথে আলাপচারিতার ফাঁকে তিনি জানালেন—তাঁর ভাই ইতালিতে থাকেন। ঠিকানা দিতে চেয়েছিলেন, কিন্তু ভুলে গেলেন। তিনি সাধারণত কাউকে আপ্যায়ন করতেন না—কিন্তু আমাদের তিনি তাঁর দামী পুরোনো অ্যান্টিক চায়ের কাপে চা পরিবেশন করলেন। আমরা ভেবেছিলাম হয়তো এক ঘণ্টার অতিথি হবো—কিন্তু তিনি আমাদের আটকে রাখলেন সন্ধ্যা পর্যন্ত। আমরা তাঁকে রেস্টুরেন্টে যাওয়ার প্রস্তাব দিলে বললেন—”আজ নয়। আবার একদিন এসো, তখন একসঙ্গে ওয়াইন খাব।”
দুদিন পর আবার যোগাযোগ করতে গেলে তাঁর পরিচারক জানালেন—নীরদবাবু অসুস্থ। আর যাওয়া হয়নি। অথচ সেই একদিনের আলাপ আমার কাছে এক অক্সফোর্ড বিকেল নয়—বরং উপমহাদেশের এক বিশাল ইতিহাসের অন্দরমহলে প্রবেশ করার সুযোগ।
নীরদ চৌধুরী ছিলেন স্যার শরত বসুর সচিব, সুভাষচন্দ্র বসু, নেহরু, গান্ধী—এই সব মানুষের সান্নিধ্যের একজন প্রত্যক্ষ সাক্ষী। তাঁর জীবন ছিল বৌদ্ধিক নির্জনতা ও নির্দয় সততার এক অপরূপ মিশ্রণ। তিনি ব্রিটিশ সাম্রাজ্যের শেষ পর্বের প্রাণহীন প্রভায় আলোড়িত হয়েছিলেন, আবার একইসাথে ভারতীয় সমাজের দুর্বলতাকেও প্রচণ্ড সামর্থ্যে ধরেছিলেন। তাঁর বিখ্যাত The Autobiography of an Unknown Indian, Thy Hand, Great Anarch!, এবং A Passage to England শুধু বই নয়—উপমহাদেশের আত্মপরিচয় খুঁজে পাওয়ার নির্মম দলিল।
তাঁর জন্মদিনে তাঁকে স্মরণ করতে গিয়ে মনে হয়, আমরা তাঁর জীবনকে যতটা বুঝতে চাই, তিনি যেন আমাদের থেকে দূরেই থাকতে চেয়েছেন—সচেতনভাবে, স্বাধীনভাবে, কারো প্রতি দায়ী না থেকে। অথচ তাঁর মতো মানুষদের সান্নিধ্যে এক বিকেল কাটানো মানে ইতিহাসের এক উন্মুক্ত গ্রন্থের ভেতরে হেঁটে বেড়ানো।
অক্সফোর্ডের সেই দিনটি তাই শুধু একটি স্মৃতি নয়— আমার কাছে তা হয়ে আছে এক জীবন্ত ঐতিহাসিক মুহূর্ত, যেখান থেকে নীরদ চন্দ্র চৌধুরীকে নতুনভাবে চিনেছি—একজন তীক্ষ্ণ, মুক্তচিন্তার, বিতর্কিত কিন্তু নিঃসন্দেহে অসাধারণ মানুষ হিসেবে।
হাবিব বাবুল , প্রধান সম্পাদক , শুদ্ধস্বর ডটকম ।

