‘মালয়েশিয়া জাগো, ট্রাম্পকে তাড়াও’ স্লোগানে বিক্ষোভ, গ্রেফতার ৫০

শনিবার রাতে মালয়েশিয়ায় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আগমনকে কেন্দ্র করে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। ছবি : সংগৃহীত

মালয়েশিয়ায় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আগমনকে কেন্দ্র করে অনুষ্ঠিত এক বিক্ষোভ মিছিলে অংশ নেওয়া প্রায় ৫০ জনকে গ্রেফতার করেছে দেশটির পুলিশ।
শনিবার (২৫ অক্টোবর) রাতে তাদের গ্রেফতার করা হয়।
বিক্ষোভকারীরা শনিবার দিবাগত রাত প্রায় ১০টার দিকে যুক্তরাষ্ট্রের দূতাবাসের সামনে দিয়ে মোটরসাইকেল কনভয়ে অতিক্রম করেন। তাদের মধ্যে কেউ কেউ ফিলিস্তিনের পতাকা বহন করছিলেন এবং যুক্তরাষ্ট্রের ইসরাইলপন্থি নীতির বিরুদ্ধে স্লোগান দিচ্ছিলেন। তারা ‘মালয়েশিয়া জাগো, ট্রাম্পকে তাড়াও’ বলে স্লোগান দেন।
পুলিশ মেনারা তাবুং হাজির সামনে, যা মার্কিন দূতাবাস থেকে প্রায় ১০০ মিটার দূরে, একটি চেকপয়েন্টে তাদের গ্রেফতার করে। পরে বিক্ষোভকারীদের মোটরসাইকেল হেঁটে জালান তুন রাজাক পুলিশ স্টেশনে নিয়ে যেতে বলা হয় এবং সেখানে যানবাহনগুলো জব্দ করা হয়।
এর আগের দিন, ট্রাম্পের সফরবিরোধী প্রায় ৭০০ মানুষ মার্কিন দূতাবাসের বাইরে সমাবেশ করেন। তারা ‘ডোনাল্ড ট্রাম্পকে প্রত্যাখ্যান করো’ স্লোগান দেন এবং অনেকেই ‘গো হোস ট্রাম্প’ লেখা প্ল্যাকার্ড হাতে রাখেন। ঘটনাস্থলে ফেডারেল রিজার্ভ ইউনিটসহ বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন ছিল।
এর আগে শনিবার বিকেলে বিশেষ বিমান এয়ার ফোর্স ওয়ান-এ করে রাজধানী কুয়ালালামপুরে অবতরণ করেন ডোনাল্ড ট্রাম্প। বিমানবন্দরে ট্রাম্পকে স্বাগত জানান মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম।
সফরের শুরুতেই ট্রাম্প যোগ দেবেন থাইল্যান্ড ও কম্বোডিয়ার মধ্যে শান্তিচুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে। গত জুলাইয়ে সীমান্তে দুই দেশের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়, যার মধ্যস্থতা করেন ট্রাম্প নিজেই। তিনি নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ‘ট্রুথ সোশ্যাল’-এ লিখেছেন, ‘কম্বোডিয়া ও থাইল্যান্ডের মধ্যে যে মহান শান্তিচুক্তির মধ্যস্থতা করেছি, সেটি স্বাক্ষরের জন্যই আমি মালয়েশিয়ায় এসেছি।’
প্রাথমিক সূচি অনুযায়ী চুক্তি স্বাক্ষর হওয়ার কথা ছিল রোববার বিকেলে। তবে থাইল্যান্ডের প্রয়াত রানী মাতা সিরিকিতের মৃত্যুতে দেশটির প্রধানমন্ত্রী অনুতিন চার্নভিরাকুল সময় কিছুটা এগিয়ে আনতে অনুরোধ জানান। ফলে কুয়ালালামপুরে পৌঁছেই চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে অংশ নিচ্ছেন ট্রাম্প।
বার্তায় ট্রাম্প থাইল্যান্ডের প্রধানমন্ত্রী চার্নভিরাকুলকে ‘অসাধারণ নেতা’ হিসেবে উল্লেখ করে থাই জনগণের প্রতি সমবেদনা জানান।
এর আগে গত ২৭ সেপ্টেম্বর প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম ট্রাম্পকে ৪৭তম আসিয়ান সম্মেলনে আমন্ত্রণ জানানোর সিদ্ধান্তের পক্ষে অবস্থান নেন। তিনি বলেন, মালয়েশিয়া কূটনৈতিক চ্যানেলের মাধ্যমে ফিলিস্তিন ও গাজায় সংঘটিত নৃশংসতার বিষয়ে উদ্বেগ প্রকাশ অব্যাহত রাখবে।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.