দাবি আদায়ে অনড় রয়েছেন ‘জুলাই শহীদের পরিবার ও আহত’ ব্যক্তিরা। তারা জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় ‘জুলাই সনদ ২০২৫’ স্বাক্ষর অনুষ্ঠানস্থলে অবস্থান নিয়েছেন।
শুক্রবার বেলা ১১টার দিকে দেখা যায়, অনুষ্ঠানের মঞ্চের সামনে অতিথিদের জন্য সাজিয়ে রাখা চেয়ারে ‘জুলাই শহীদের পরিবার ও আহত’ ব্যক্তিরা অবস্থান নিয়ে বসে আছেন। অনুষ্ঠানমঞ্চ ও অতিথিদের জন্য রাখা এই চেয়ারের মাঝামাঝি স্থানে অবস্থান নিয়েছে পুলিশ।
আজ বিকেল ৪টায় এখানে জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠান হবে। কয়েকটি দাবিতে বৃহস্পতিবার রাতে জাতীয় সংসদ ভবনের সামনের মানিক মিয়া অ্যাভিনিউয়ে বিক্ষোভ শুরু করেন ‘জুলাই শহীদ পরিবার ও আহত’ ব্যক্তিরা।
বিক্ষোভকারীরা আজ সকালে জাতীয় সংসদ ভবনে প্রবেশের ফটক টপকে ভেতরে প্রবেশ করেন। একপর্যায়ে তারা দক্ষিণ প্লাজায় মঞ্চের সামনে চলে যান। তাদের বাধা দেওয়া চেষ্টা করেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। পরে বিক্ষোভকারীরা অতিথিদের চেয়ারে বসে পড়েন।

