Oplus_131072

ফ্রান্সে খিয়াং নয়নের নতুন গ্রন্থ প্রকাশ: অভিবাসনের অভিজ্ঞতায় গাঁথা ‘আশা এবং আমার সংগ্রাম’

ফ্রান্সের রাজধানী প্যারিসে অনুষ্ঠিত হয়েছে বাংলাদেশি বংশোদ্ভূত ফরাসি নাগরিক, লেখক, রাজনীতিবিদ ও সমাজকর্মী খিয়াং নয়ন রচিত দ্বিভাষিক গ্রন্থ “আশা এবং আমার সংগ্রাম — Espoir et mon Combat” এর মোড়ক উন্মোচন ও প্রকাশনা অনুষ্ঠান।

সলিডারিতে আজি ফ্রান্স (SAF)-এর উদ্যোগে সোমবার (১৩ অক্টোবর) সন্ধ্যায় ঐতিহাসিক রিপাবলিক চত্বর সংলগ্ন ‘বুজ দ্য থ্যাবাই’ হলে আয়োজিত এই অনুষ্ঠানে অংশ নেন ফ্রান্স ও বাংলাদেশি প্রবাসী সমাজের বিশিষ্টজনেরা।

অনুষ্ঠানে প্রধান অতিথি ও আলোচক হিসেবে উপস্থিত ছিলেন—
ফ্রান্সের জাতীয় সংসদের সদস্য বেরনজে সেরনো, প্যারিস ১৮-এর ডেপুটি মেয়র আনজুমান সিসিকো, ফরাসি সামাজিক সংগঠন সিমাদ ইল দ্য ফ্রঁসের সেক্রেটারি মারি ফ্রঁস, সাংস্কৃতিক ব্যক্তিত্ব হাসনাত জাহান, ফরাসি গণমাধ্যম আলথেখস মিডিয়া-এর প্রধান সম্পাদক দিদিয়ে রাসিনে, কবি ও লেখক আবু জুবায়ের, এবং লেখক নিজে খিয়াং নয়ন।

অতিথিবৃন্দ তাঁদের বক্তব্যে লেখকের মানবিক চেতনা, সামাজিক দায়বদ্ধতা ও অভিবাসী জীবনের সংগ্রামী বাস্তবতাকে তুলে ধরার সাহসিকতার প্রশংসা করেন। তাঁরা বলেন,

“এই প্রকাশনা কেবল একটি বই নয়; এটি আশার, সংগ্রামের এবং ভবিষ্যতের নতুন সম্ভাবনার প্রতীক। বইটি ফরাসি-বাংলা দুই সংস্কৃতির মেলবন্ধনে এক অনন্য সাহিত্যিক দৃষ্টান্ত হয়ে থাকবে।”



অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলেন সাংবাদিক আশিক আহমেদ উল্লাস ও সাফের প্রশাসনিক সম্পাদক তাওহিদা আনজুম নাফিসা। স্বাগত বক্তব্য রাখেন সাফের স্পোর্টস সেক্রেটারি শাহীন আহমেদ।

নিজের বই সম্পর্কে লেখক খিয়াং নয়ন বলেন,

“আশা এবং আমার সংগ্রাম — Espoir et mon Combat কেবল একটি নারীর জীবনের গল্প নয়; এটি প্রতিটি অভিবাসীর লড়াই, তাদের আত্মমর্যাদা এবং আশার প্রতীক। এই বই অভিবাসী সমাজের বাস্তবতা, রাজনৈতিক চেতনা এবং মানবিক শক্তির এক ব্যক্তিগত ও সামাজিক যাত্রার দলিল।”


উল্লেখ্য, এটি লেখকের দ্বিতীয় প্রকাশনা; এর আগে ২০২৪ সালের জুনে প্রকাশিত হয় তাঁর প্রথম বই “জীবনের ছাপ”।

বইটির মোড়ক উন্মোচন করেন অতিথিবৃন্দ ও লেখক। অনুষ্ঠানে বাংলা ভাষায় লেখকের জীবনী পাঠ করেন ফরাসি মঞ্চ অভিনেতা সোয়েব মোজাম্মেল, আর ফরাসি ভাষায় পরিচিতি উপস্থাপন করেন কৌশিক ওয়াসিফ।

শুভেচ্ছা বক্তব্য রাখেন ইশাম (এমপি বেরনজে সেরনোর সহকারী), কবি ও ছড়াকার লোকমান আহম্মদ আপন, বিকশিত নারী সংঘের সভাপতি সৈয়দা তৌফিকা সাহেদ এবং মাই টিভির ফ্রান্স প্রতিনিধি বাদল পাল।

বই থেকে পাঠ করেন সাংবাদিক আবু বকর আল আমিন, কবিতা আবৃত্তি করেন সাইফুল ইসলাম।
বাংলাদেশ ও ফ্রান্সের জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে শুরু হওয়া এই আয়োজনে উপস্থিত ছিলেন অসংখ্য কবি, লেখক, সাংবাদিক ও সাংস্কৃতিক কর্মী।

আলোচনা পরবর্তী সাংস্কৃতিক পর্বে সংগীত পরিবেশন করেন জনপ্রিয় শিল্পী মৌসুমী চক্রবর্তী, ইশরাত ফ্লোরা ও জয়ীতা বড়ুয়া। এছাড়া বিকশিত নারী সংঘের পক্ষ থেকে লেখক খিয়াং নয়নকে বিশেষ সম্মাননা প্রদান করা হয়।

অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন সাফের সাধারণ সম্পাদক মামুন হাসান রুবেল, ফ্রান্স ট্রিবিউন-এর সম্পাদক সাবুল আহমেদ, এবং ইভেন্ট ব্যবস্থাপনা সম্পাদক রুমন আহমদসহ সংগঠনের অন্যান্য সদস্যবৃন্দ।

এই আয়োজনটি প্রবাসে বাঙালি সাহিত্য, সংস্কৃতি ও মানবিক চেতনার এক উজ্জ্বল প্রদীপ হয়ে ওঠে— যেখানে ফ্রান্সে বসবাসরত অভিবাসী সমাজের আশা, সংগ্রাম ও স্বপ্ন একীভূত হয়েছে এক সাহিত্যিক মঞ্চে।

রাকিবুল ইসলাম, শুদ্ধস্বর ডটকমের ফ্রান্স প্রতিনিধি ।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.