গতকাল ফ্রাঙ্কফুর্টে অনুষ্ঠিত হলো রবি সন্ধ্যা পাঠচক্রের মাসিক বৈঠকি আয়োজন। রবিবার সন্ধ্যায় আয়োজিত এই অনুষ্ঠান গান, কবিতা ও গল্পের সমন্বয়ে পরিণত হয় প্রবাসী সংস্কৃতিপ্রেমীদের এক প্রাণবন্ত সাংস্কৃতিক বৈঠকে ।
শুধু ফ্রাঙ্কফুর্ট নয়, পাশের শহরগুলো থেকেও অংশ নেন শিল্পীরা। স্টুটগার্ট থেকে আগত লোকগীতি শিল্পী রঞ্জু পরিবেশন করেন লালনের গান, আর মাইঞ্জ থেকে আগত রিয়েল আনোয়ার ভাটি অঞ্চলের সুরে গান গেয়ে অনুষ্ঠানকে পৌঁছে দেন ভিন্নমাত্রায়। ফ্রাঙ্কফুর্টের নিজস্ব সংগীতশিল্পী আতিকুর রহমান সবুজ ও বাবুল তালুকদার পরিবেশন করেন আধুনিক ও লালনগীতি।
অনুষ্ঠানটি উৎসর্গ করা হয় সদ্য প্রয়াত কিংবদন্তি শিল্পী ফরিদা পারভিনের স্মৃতির প্রতি। তাঁর প্রতি শ্রদ্ধা জানিয়ে রঞ্জু পরিবেশন করেন ফরিদা পারভিনকে উৎসর্গীকৃত লালনের গান।
কবিতা পাঠে অংশ নেন গল্পঘরের কবি দিলশাদ জাহান, মিডিয়া ব্যক্তিত্ব ফাতেমা রুমা ও বাচিক শিল্পী বিলকিস সুলতানা বকুল । জার্মান ভাষায় আবৃত্তি করেন কবি বাবুল তালুকদার, আর বাংলা থেকে অনূদিত কবিতা শোনান সৈয়দ আহসান। অনুষ্ঠানটি এবং পাঠচক্র পরিচালনা করেন নুরুল আকন্দ খোকন এবং স্বাগত বক্তব্য রাখেন হাবিব বাবুল ।
দুপুরের খাবারে পারভীন জাহাঙ্গীরের উদ্যোগে ছিল রকমারি নিরামিষের আয়োজন, বিকেলে ছিল হালকা নাস্তা। সারাবিশ্বে ছড়িয়ে থাকা বাঙালির সাংস্কৃতিক বন্ধন যে এখনও টিকে আছে, তার উৎকৃষ্ট নিদর্শন হয়ে উঠেছিল এ আয়োজন।
সব মিলিয়ে অত্যন্ত প্রাণবন্ত ও আবেগঘন পরিবেশে শেষ হয় রবি সন্ধ্যা পাঠচক্রের এই মাসিক মিলনমেলা। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, আগামী বৈঠকি অনুষ্ঠান অনুষ্ঠিত হবে নভেম্বর মাসের কোনো এক সময়ে।

