ইসির তালিকায় ‘শাপলা কলি’ প্রতীক, এনসিপি’র ‘না’

বাংলাদেশ নির্বাচন কমিশন (ইসি) তাদের প্রতীকের তালিকায় নতুন প্রতীক হিসেবে ‘শাপলা কলি’ অন্তর্ভুক্ত করেছে। বৃহস্পতিবার (৩০ অক্টোবর) আনুষ্ঠানিকভাবে গেজেট প্রকাশের মাধ্যমে এই প্রতীক যুক্ত করা হয়। তবে ইসির এই সিদ্ধান্তে সন্তুষ্ট নয় জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।

গেজেট প্রকাশের পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় দলটির যুগ্ম সদস্য সচিব জহুরুল ইসলাম মুসা জানান, “আমাদের শাপলা কলি প্রতীক দেওয়া হলে তা আমরা মানি না। আমরা স্পষ্টভাবে শাপলাই চাই। ‘শাপলা কলি’ প্রতীক যুক্ত করায় আমরা সন্তুষ্ট নই।”

এনসিপি দীর্ঘদিন ধরে শাপলা প্রতীক দাবি করে আসছে। কয়েক দফা বৈঠকের মাধ্যমে তারা নির্বাচন কমিশনের কাছে শাপলা প্রতীক অনুমোদনের দাবিও জানায়। এমনকি দলীয় নেতারা বারবার বলেছেন যে, শাপলা প্রতীক না পেলে তারা নিবন্ধন গ্রহণ করবে না।

অবশেষে ইসি ‘শাপলা কলি’ প্রতীক তালিকায় যুক্ত করলেও তা দলটির প্রত্যাশা পূরণ করেনি। বিষয়টি নিয়ে দলের ভেতরে নতুন করে আলোচনা ও অসন্তোষ দেখা দিয়েছে বলে জানা গেছে। এখন দেখা যাচ্ছে, প্রতীক বিতর্কে এনসিপির পরবর্তী অবস্থান কী হয়, তা রাজনৈতিক অঙ্গনে নজর কাড়বে।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.