প্রধান উপদেষ্টার সঙ্গে চারজন রাজনৈতিক নেতা নিউইয়র্ক যাওয়ার কথা ছিল। তারা হলেন, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, জামায়াতে ইসলামীর নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মুহাম্মদ তাহের, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্যসচিব আখতার হোসেন এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির। তবে শেষ সময়ে আরও দুইজন নেতা যুক্ত হয়েছেন।
প্রধান উপদেষ্টা রোববার রাতে যুক্তরাষ্ট্রের উদ্দেশে রওয়ানা দেবেন। তিনি সোমবার (২২ সেপ্টেম্বর) নিউইয়র্কে পৌঁছাবেন। আগামী ২৬ সেপ্টেম্বর সাধারণ পরিষদের অধিবেশনে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা। প্রধান উপদেষ্টার আগামী ২ অক্টোবর দেশে ফেরার কথা রয়েছে।
জাতিসংঘ অধিবেশনে প্রধান উপদেষ্টা বিগত এক বছরে দেশে সংঘটিত সংস্কার এবং আসন্ন জাতীয় নির্বাচনের মাধ্যমে একটি সত্যিকারের গণতান্ত্রিক রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠার অঙ্গীকার বিশ্ব নেতাদের সামনে তুলে ধরবেন।
এ ছাড়া তিনি আগামী ৩০ সেপ্টেম্বর জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির সভাপতিত্বে ‘হাই লেভেল কনফারেন্স অন দ্য সিচুয়েশন অব রোহিঙ্গা মুসলিমস অ্যান্ড আদার মাইনোরিটিস ইন মিয়ানমার’ শীর্ষক এক উচ্চপর্যায়ের সভায়ও অংশ নেবেন। এ ছাড়া বিশ্ব নেতাদের সঙ্গে তিনি বৈঠক করবেন।

