বাংলা সাহিত্যের আদি নিদর্শন চর্যাপদকে কেন্দ্র করে ফ্রান্সের রাজধানী প্যারিসে অনুষ্ঠিত হলো এক অনন্য আধ্যাত্মিক আয়োজন— ‘চর্যাগীতি সন্ধ্যা’। গত ২৭ আগষ্ট বুধবার প্যারিসে এই অনুষ্ঠান আয়োজন করা হয়। শতবর্ষ আগে ১৯২৫ সালে প্রখ্যাত ভাষাবিদ ড. মুহম্মদ শহীদুল্লাহ প্যারিসে এসে চর্যাপদ নিয়ে গবেষণা শুরু করেছিলেন। সেই ঐতিহাসিক ঘটনার ঠিক একশ বছর পর, একই শহরে অনুষ্ঠিত হলো চর্যাপদের এই সাংস্কৃতিক পুনর্জাগরণের অনুষ্ঠান।

বাংলাদেশের ভাবসাধক চর্যাপদের গানের সুরকার, শিল্পী ও প্রশিক্ষক সাধিকা সৃজনী তানিয়া (ভাবনগর ফাউন্ডেশন) পরিবেশন করেন তাঁর নিজস্ব রাগাশ্রয়ী সুরে প্রাচীন বৌদ্ধ সাধকদের গান। তাঁর সঙ্গে মঞ্চে ছিলেন বাংলা একাডেমির গবেষক ও লোকসংগীত বিশেষজ্ঞ ড. সাইমন জাকারিয়া। তাঁদের সমন্বিত পরিবেশনা প্যারিসের সুধীমহলকে বিমোহিত করে।

অনুষ্ঠানটি আয়োজন করে সাহিত্য-সংস্কৃতি সংগঠন ফ্রান্স কৃতি (France Kriti) পক্ষে জেরেমি কদ্রন, নীনা ক্লাভো, জোয়াসীম। সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, এই আয়োজনের উদ্দেশ্য হলো বাংলা ভাষা ও সাহিত্যের প্রাচীনতম নিদর্শন চর্যাপদকে বিশ্ব দরবারে তুলে ধরা। তাঁরা আরো বলেন “আমরা চাই বাংলা সাহিত্যের এই প্রাচীনতম রত্নকে শুধু বাংলা ভাষাভাষীদের মধ্যেই সীমাবদ্ধ না রেখে আন্তর্জাতিক পরিসরে ছড়িয়ে দিতে। প্যারিসে শতবর্ষ পর চর্যাপদের প্রতিধ্বনি সেই স্বপ্নেরই প্রতিফলন।”
অনুষ্ঠানে শতাধিক দর্শক উপস্থিতি ছিল। এদের মধ্যে উপস্থিত ছিলেন – জনাব এহসানুল হক, ডেপুটি চিফ অব মিশন, বাংলাদেশ দূতাবাস, প্রফেসর ফিলিপ বেনোইট, প্রফেসর থিবাউট ডি হুবার্ট, অবারভিলিয়ে শহরের ভাষা ও সভ্যতা বিষয়ক সম্মানিত সভাপতি জনাব কার্লোস সমেডো, সাংস্কৃতিক সংগঠক ও শিক্ষক (অবসরপ্রাপ্ত) হাসনাত জাহান, কবি ও ছড়াকার লোকমান আহমেদ আপন, পুঁথি শিল্পী কাব্য কামরুল এবং কণ্ঠশিল্পী ইসরাত ফ্লোরা। এ ছাড়াও বিপুল সংখ্যক প্রবাসী বাঙালি এবং ফরাসি দর্শক উপস্থিত ছিলেন।
রাকিবুল ইসলাম, শুদ্ধস্বর ডটকমের ফ্রান্স প্রতিনিধি ।
ছবি তুলেছেন: আলোকচিত্রী প্রবীর মোদক।

