ভয়, বিশৃঙ্খলা আর আতঙ্ক ছড়িয়ে পড়েছে ভেনিস শহরে। সবচেয়ে সাম্প্রতিক ঘটনাটি ঘটেছে গতকাল (২৬ জুলাই) বিকেল ৫টার দিকে, একটি অ্যাকটিভি ভাপোরেট্তোতে (লাইনে ১), যা ভেনিসের কেন্দ্র থেকে পিয়াচালে রোমের দিকে যাচ্ছিল। একজন কুখ্যাত পকেটমার একদল মার্কিন পর্যটককে অনুসরণ করে , একপর্যায়ে সে একজন নারীর ব্যাকপ্যাক চুরি করে, কিন্তু মহিলা বুঝতে পেরে চিৎকার শুরু করেন। তখন অন্যান্য পর্যটকরাও চোরকে ঘিরে ফেলেন।
চোর পালাতে গিয়ে সান্তা মারিয়া দেল গিগলিও স্টেশনে নেমে পড়ে এবং প্রমাণ মুছে ফেলতে ব্যাগটি খালে ছুঁড়ে ফেলে দেয়। কিন্তু অবাক করা ব্যাপার হলো — ব্যাগের মালিক সেই নারী মুহূর্তেই খালে ঝাঁপ দিয়ে নিজের ব্যাগ উদ্ধারের চেষ্টা করেন। একই সময় তার স্বামী চোরকে ধাওয়া করে ধরেন এবং এমনভাবে মাটিতে ফেলে দেন যে চোরকে হাসপাতালে নিতে হয়। ভাপোরেট্তোর চালক সাথে সাথে যান থামিয়ে দেন, কারণ মহিলা তখন পানিতে। পুলিশ এসে মহিলাকে পানি থেকে টেনে তোলে এবং তার জিনিসপত্র উদ্ধারে চেষ্টা চালায়। কিন্তু পুরোপুরি উদ্ধার করতে ফায়ার ব্রিগেডের ডুবুরিদের সাহায্য নিতে হয়। এই ঘটনা মনে করিয়ে দেয় যে ভেনিসের মতো জায়গাতেও সতর্কতা হারালে চলবে না। পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করা আজ বড় চ্যালেঞ্জ হয়ে উঠেছে।

