যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ের স্টারমার ইসরাইলের সাম্প্রতিক কর্মকাণ্ডকে ‘অসহনীয় ও ভয়াবহ’ উল্লেখ করে ইসরাইলের বিরুদ্ধে নিষেধাজ্ঞাসহ আরো ব্যবস্থা নেয়ার বিষয়ে বিবেচনা করা হবে।
হাউজ অব কমন্সে এক প্রশ্নের জবাবে তিনি বলেছেন, ‘আমরা সামরিক অভিযান সম্প্রসারণ ও বসতি সহিংসতা এবং মানবিক সহায়তা আটকে দেয়ার ঘটনার শক্ত বিরোধিতা করেছি।’
‘আমাদের যুদ্ধবিরতিতে ফেরত যাওয়া দরকার। অনেক দিন ধরে আটকে থাকা বন্দীদের মুক্ত করা দরকার এবং গাজায় দ্রুত আরো সাহায্যের দরকার। কারণ এটি এখন অসহনীয় ও ভয়াবহ পরিস্থিতিতে আছে।’
ওদিকে ফিলিস্তিনিরা বলছে, গাজায় এখন আর কোনো নিরাপদ জায়গা নেই।
গাজায় রয়টার্সকে মাহরান খোদর নামের এক ব্যক্তি বলেছেন, ‘দুঃখজনক, গাজায় আর কোনো নিরাপদ জায়গা নেই।’ তিনি আরো বলেন, এমনকি যারা তাঁবুতে ঘুমান, তারা যেকোনো সময় বিপদের মুখে পড়ছেন।’
তিনি বলেন, ‘আমরা কোথায় যাব? প্রতিদিন ক্ষুধায় মরছি এবং বোমাও পড়ছে। আমাদের শিশুরা কঙ্কালে পরিণত হচ্ছে।’
সূত্র : বিবিসি

