মানুষের মধ্যে একটি বিষয় নিয়ে এখনো সচেতনতার অভাব রয়েছে প্রচুর পরিমাণে। সেটি হচ্ছে মানসিক স্বাস্থ্য। এর অন্যতম প্রধান কারণ অনেক সময় রোগী নিজেই বুঝতে পারেন না যে তিনি মানসিক রোগে আক্রান্ত। উদ্বেগ বা অ্যাংজাইটিও এমন একটি সমস্যা।
এই উদ্বেগেরও কিছু প্রচ্ছন্ন লক্ষণ থাকে, যা সহজে চোখে পড়ে না।
উদ্বেগের কারণে অনেক সময় আমরা মনোযোগ ধরে রাখতে পারি না। কোনো কাজ বা আলোচনায় মন বসাতে সমস্যা সৃষ্টি হয়। সহজে অন্যমনস্ক হয়ে যাওয়া বা কিছু মনে রাখতে না পারার মতো লক্ষণ দেখা যায়।
এটিকে অনেক সময় অমনোযোগিতা বা অন্য কোনো কারণে হচ্ছে বলে মনে করা হয়, কিন্তু এটি উদ্বেগের একটি প্রচ্ছন্ন লক্ষণও হতে পারে।
খিটখিটে মেজাজ
আমাদের মধ্যে অনেকেই সামান্য কারণেও অধৈর্য হয়ে পড়েন, যেকোনো বিষয়ে সহজে রেগে যান বা সবসময় মেজাজ খিটখিটে থাকে। এগুলোও উদ্বেগের একটি চাপা লক্ষণ হতে পারে। রোগী হয়তো বুঝতেও পারে না যে তার এই আচরণের মূলে উদ্বেগ কাজ করছে।