পূর্বশর্ত এবং তৃতীয় পক্ষকে ছাড়াই বৃহস্পতিতে বৈঠক ইউক্রেনের সঙ্গে : রাশিয়া

কোনও পূর্বশর্ত এবং তৃতীয় পক্ষের মধ্যস্থতা ছাড়াই বৃহস্পতিবার যুদ্ধবিরতি নিয়ে ইউক্রেনের সঙ্গে মুখোমুখি আলোচনায় বসবে রাশিয়া। মঙ্গলবার এ কথা জানিয়েছেন ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ। তবে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জ়েলেনস্কি সরাসরি রুশ প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে কথা বলার যে প্রস্তাব দিয়েছেন, সে বিষয়ে কোনও মন্তব্য করেননি তিনি।

বৃহস্পতিবার তুরস্কের ইস্তানবুলে যুদ্ধবিরতি নিয়ে মস্কো-কিভ আলোচনা হওয়ার কথা। রবিবার পুতিন জানিয়েছিলেন, কোনও মধ্যস্থতাকারীর মাধ্যমে নয় সরাসরি ইউক্রেনের সঙ্গে আলোচনায় আগ্রহী রাশিয়া। তারই প্রেক্ষিতে সোমবার জ়েলেনস্কি বলেন, ‘‘আগামী ১৫ মে (বৃহস্পতিবার) তুরস্কে পুতিনের জন্য আমি অপেক্ষা করব।’’ তবে পুতিন নিজে আলোচনায় অংশ নেবেন কি না, সে বিষয়ে এখনও ক্রেমলিন কিছু জানায়নি। স্পষ্ট নয়, জ়েলেনস্কির তুরস্ক যাত্রার বিষয়টিও।

প্রসঙ্গত, রবিবার ৩০ দিনের নিঃশর্ত যুদ্ধবিরতির দাবি তুলেছিল ইউক্রেন এবং তার সহযোগীরা। সেই তালিকায় ছিল ফ্রান্স, জার্মানি, পোল্যান্ড, ব্রিটেনের মতো ইউরোপীয় দেশগুলি। সোমবার থেকেই তা কার্যকর করার আহ্বান জানানো হয়। সেই দাবির কয়েক ঘণ্টা পরেই রবিবার পুতিন সরাসরি দ্বিপাক্ষিক আলোচনার প্রস্তাব দিয়েছিলেন। কিন্তু তাৎপর্যপূর্ণ ভাবে তার পরেই নতুন উদ্যমে ইউক্রেনে ড্রোন হামলা শুরু করে রুশ ফৌজ।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.