যেকোনো জাতীয় ইস্যুতে ঐক্যবদ্ধ থাকবে বিএনপি-জামায়াত : গোলাম পরওয়ার

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেছেন, বিএনপি ও জামায়াত যেভাবে গত ১৬ বছর নির্যাতন সহ্য করে আন্দোলনের মাধ্যমে হাসিনাকে উৎখাত করেছে, সেভাবেই সামনে যেকোনো জাতীয় ইস্যুতে ঐক্যবদ্ধ থাকবে।

শুক্রবার (১৮ এপ্রিল) সন্ধ্যায় কুমিল্লার চৌদ্দগ্রামে পথ সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

সংস্কার ও বিচার ছাড়া কোনো নির্বাচন নিরপেক্ষ হতে পারে না- মন্তব্য করে মিয়া গোলাম পরওয়ার বলেন, ১৫ বছর আমাদের নেতাদের হত্যা করে খুনি হাসিনা ও তাঁর সহযোগীরা দেশকে রক্তের বন্যায় ভাসিয়ে দিয়েছেন, তাঁদের বিচার হতে হবে। বিচার দৃশ্যমান করে নির্দিষ্ট সময়ের মধ্যে নির্বাচন হতে হবে এবং জামায়াতে ইসলামী সেই নির্বাচনে অংশগ্রহণ করবে।

 


জামায়াতের সেক্রেটারি জেনারেল আরো বলেন, অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান অধ্যাপক মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার নির্বাচিত জনপ্রতিনিধির হাতে ক্ষমতা স্থানান্তরের একটি ডেডলাইন ইতিমধ্যে দিয়েছে। আমরা চাই এ সময়ের মধ্যেই সব সংস্কার করে, মানবতাবিরোধী অপরাধীদের বিচার করে নির্বাচন দেন। আমরা সেই নির্বাচনের জন্য প্রস্তুত আছি।

চৌদ্দগ্রাম উপজেলা জামায়াতের আমির মুহাম্মদ মাহফুজুর রহমানের সভাপতিত্বে ও সেক্রেটারি বেলাল হোসাইনের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি ছিলেন- কুমিল্লা দক্ষিণ জেলা আমির অ্যাডভোকেট মু. শাহাজাহান ও সাবেক আমির ভিপি শাহাবুদ্দিন।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.