নতুন বাংলাদেশে এগুলো হতে দেওয়া যাবে না: সারজিস আলম

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, বিভিন্ন দলের নেতাকর্মীরা সাধারণ মানুষকে এত দিন যেভাবে ব্যবহার করেছেন, নতুন বাংলাদেশে আর এগুলো হতে দেওয়া যাবে না।

আজ সোমবার দুপুরে পঞ্চগড়ে দেবীগঞ্জ উপজেলার বিজয় চত্বরে এক পথসভায় এ কথা বলেন সারজিস আলম।

এনসিপির মুখ্য সংগঠক বলেন, ‘আগামীর বাংলাদেশ কেউ আর দলের নাম ও মার্কা দেখে ভোট দেবে না। এত দিন সাধারণ মানুষকে নেতারা বিভিন্নভাবে ব্যবহার করেছে। ভোটের আগের দিন যায়, আর কিছু টাকা ধরিয়ে দেয়। আর ভোটের পর কোনো কাজের জন্য গেলে আগে টাকার জন্য হাত পেতে থাকে। নতুন বাংলাদেশে আর এগুলো হতে দেওয়া যাবে না।’

পঞ্চগড়বাসীর উদ্দেশে সারজিস আলম বলেন, ‘আমরা ভুল করলে শুধরে দেবেন। আর কোনো দলের অন্ধভক্ত হবেন না। অন্ধভক্ত হলে আপনার মূল্য কেউ দেবে না। আমরা আপনাদের কাছে মার্কা নিয়ে যাব, যদি আপনাদের কথা রাখতে পারি তাহলে ভোট দেবেন। পঞ্চগড় আমার জন্মভূমি, তাই আপনাদের কাছে আমার আলাদা দাবি আছে।’

 

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.