ছাত্ররাজনীতি বন্ধের দাবিতে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (কুয়েট) ছাত্রদল, ছাত্রশিবির ও বৈষম্যবিরোধী ছাত্র-আন্দোলনের নেতা-কর্মীদের সংঘর্ষের ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা আসিফ নজরুল।
পরিস্থিতি শান্ত না হলে ছাত্র রাজনীতির ইতিহাসে স্মরণকালের সর্বোচ্চ হতাহতের শঙ্কার কথা জানান তিনি।
আইন উপদেষ্টা বলেছেন, নিজের ভাইদের যখন দেখি একে অন্যের রক্তের নেশায় মাতে, হতাশ লাগে।
বুধবার (১৯ ফেব্রুয়ারি) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক দীর্ঘ স্ট্যাটাসে এ উদ্বেগ-হতাশা প্রকাশ করেন আসিফ নজরুল।
আইন উপদেষ্টা লেখেন, আওয়ামী আমলে লীগের সঙ্গে অন্য যেকোনো দল বা পক্ষের সংঘর্ষ ঘটলে সেখানে পুলিশ-প্রশাসন নির্লজ্জভাবে লীগের পক্ষে থাকতো। ফলে খুব দ্রুতই অপর পক্ষ রনে ভঙ্গ দিত। কিন্তু বর্তমানে পুলিশ-প্রশাসন বিভক্ত, কোনো রাজনৈতিক দলের একক দৌরাত্ম্য নেই আপাতত, ডেডিকেটেড মারমুখী কর্মীসংখ্যা কাছাকাছি পরিমাণের। সব মিলিয়ে ছাত্রদল-ছাত্রশিবির যদি এই মুহূর্তে মুখোমুখি হয়, নিশ্চিতভাবে বলা যায় কোনো পক্ষই সহজে পেছাবে না। উভয়ই নিজের অস্তিত্বের লড়াই জ্ঞান করে মারামারি করবে। হয়তো, ছাত্ররাজনীতির ইতিহাসে স্মরণকালের সর্বোচ্চ হতাহত ও লাশ দেখতে হবে এবার।

