গতকাল মারা গেছেন ভারতের অন্যতম বৃহৎ শিল্পপ্রতিষ্ঠান টাটা গ্রুপের ইমেরিটাস চেয়ারম্যান রতন টাটা। তার মৃত্যুতে শোকের ছায়া নেমেছে ভারতে। শোবিজ অঙ্গনের বড় বড় তারকারাও শোক প্রকাশ করছেন। তার বন্দনা গীতি ভেসে বেড়াচ্ছে সোশ্যাল মিডিয়ায়।
ভারতের দক্ষিণী সিনেমার বরেণ্য অভিনেতা কমল হাসান। মাইক্রোব্লগিং সাইট এক্সে রতন টাটার একটি ছবি পোস্ট করে স্ট্যাটাস দিয়েছেন। তাতে তিনি লেখেন, ‘আমার মনের নায়ক ছিলেন রতন টাটাজি, যাকে আমি সারাজীবন অনুকরণ করার চেষ্টা করেছি। তিনি আমাদের জাতীয় সম্পদ ছিলেন। জাতি গঠনে তার অবদান আধুনিক ভারতের গল্পে লেখা থাকবে।’
রতন টাটার সঙ্গে সাক্ষাতের স্মৃতিচারণ করে কমল হাসান লেখেন, ‘তার সত্যিকারে ঐশ্বর্য বস্তুগত সম্পদে নয়, তা নিহিত রয়েছে তার নীতি-নৈতিকতা, মানবতা ও দেশপ্রেমে। ২০০৮ সালে মুম্বাই আক্রমণের পর আইকনিক তাজ হোটেলে আমি তার সঙ্গে সাক্ষাৎ করেছিলাম। জাতির সেই দুঃসময়ে জাতিকে সোজা হয়ে দাঁড়াতে টাইটান পাশে দাঁড়িয়েছিল। তার পরিবার, তার বন্ধু-বান্ধব, টাটা গ্রুপের প্রতি সমবেদনা জানাচ্ছি।’

