জাসদের সাবেক নেতা- কর্মীদের উদ্যোগে কেন্দ্রীয় স্মরণ সভা অনুষ্ঠিত : গণহত্যার উস্কানীদাতাদের বিরুদ্ধে হুঁশিয়ারি

আজ ১১ আগস্ট ২০২৪, রবিবার, বিকাল ৫ টায়, গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে জাসদের সংগ্রামী ধারার সাবেক নেতা- কর্মীদের উদ্যোগে জাসদ কেন্দ্রীয় কার্যালয়ে ‘কর্নেল তাহের মিলনায়তনে’ কবি মোহন রায়হানের সভাপতিত্বে স্মরণ সভা অনুষ্ঠিত হয়। সভা সঞ্চালনা করেন, সাবেক সংসদ সদস্য নাজমুল হক প্রধান।

সভায় বক্তব্য রাখেন, ডাকসুর সাবেক জিএস ডা. মুশতাক হোসেন, শ্রমিক নেতা বাদল খান, আনোয়ারুল ইসলাম বাবু, অ্যাড. জহিরুল ইসলাম বাবর, সাইদুর রহমান বিটুল, উপজেলা চেয়ারম্যান মো: শাহজাহান আলী সাজু, আব্দুস সালাম খোকন,  মো: মহিউদ্দিন, ইসমাইল হোসেন চৌধুরী, সাবেক জাসদ নেতা গোলাম মোর্তজা, সোলায়মান মাসুদ, ফখরুল আলম রানা, ছাত্রনেতা গৌতম চন্দ্র শীল প্রমুখ।

 

বক্তারা বলেন, বৈষম্য বিরোধী শিক্ষার্থীদের কোটা সংস্কার আন্দোলনকে দমনের নামে স্বৈরাচারী হাসিনা সরকার পুলিশ এবং দলীয় সন্ত্রাসীদের দিয়ে গুলি করে পাঁচ শতাধিক ছাত্র, জনতা এবং পুলিশকে হত্যা করেছে। হত্যার প্রতিবাদে শিক্ষার্থীরা এক দফা দাবিতে হাসিনা সরকারের পতন ঘটায় এবং হাসিনা দেশের বাইরে পালিয়ে যেতে বাধ্য হয়। বক্তারা, হাসিনা পতন আন্দোলনে শহীদ এবং পদত্যাগের পর সারাদেশে যে সকল হামলা, ভাংচুর, দখল, হত্যার মত ঘটনা ঘটেছে তার জন্য শোক ও সমবেদনা  জ্ঞাপন করেন এবং সকল হত্যাকান্ডের সুষ্ঠু তদন্ত করে বিচার দাবি করেন। সেই সাথে গণহত্যায় শেখ হাসিনাকে যারা উস্কানি ও মদদ দিয়েছে, হাসিনার ঠ্যাঙাড়ে বাহিনীর সাথে যারা হাত মিলিয়েছে তাদেরকে হুঁশিয়ার করে দিয়ে নেতৃবৃন্দ বলেন, তাদেরকেও আইনের আওতায় আনতে হবে। অবিলম্বে তাদের গ্রেফতার ও বিচারের দাবি জানান। সম্প্রতি ঘটে যাওয়া ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানে রব জাসদ, আম্বিয়া জাসদ রাজপথের সংগ্রামে থাকলেও ইনুগ্রুপ স্বৈরশাসক, খুনি হাসিনা কর্তৃক শত শত শিশু, কিশোর, ছাত্র-জনতাকে পাখির মতন গুলি করে হত্যার মদদ দিয়েছে, আন্দোলন নস্যাত করতে প্রকাশ্যে সহযোগিতা করায় বিক্ষুব্ধ ছাত্রজনতা গত ৫ আগস্ট, ৩৫/৩৬ বঙ্গবন্ধু এভিনিউয়ে জাসদের আদি অফিস ভাঙচুর করে। স্বৈরাচারের দোসর ইনু, শিরিন পলাতক, কর্মীরা অসহায়-অনিরাপদ, জাসদ অফিস অরক্ষিত। বিশেষ একটি মহল কতৃক জাসদ অফিস দখলের খবর পেয়ে সাবেক জাসদ নেতা, কর্মীরা এগিয়ে এসে সংগ্রামের রাজপথে থাকা অন্যান্য জাসদ নেতা, কর্মীদের সঙ্গে নিয়ে গতকাল বিকেলে জাসদ অফিস রক্ষা করে এবং আজ অভ্যুত্থানে শহীদদের স্মরণে শোকসভার আয়োজন করে।

 

বক্তারা ইনু, শিরিন এবং তাদের কতিপয় ক্ষমার অযোগ্য দোসর বাদে আর সবাইকে আত্মোপলব্ধির মাধ্যমে জাসদের আপসহীন সংগ্রামী ধারায় ঐক্যবদ্ধ একক জাসদ গড়ে তুলতে আহ্বান জানান।

সুত্র : প্রেস বিজ্ঞপ্তি ।

 

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.