এক দফা দাবিতে চলা আন্দোলনে অংশ নিয়ে আন্দোলনকারীরা ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতের গেট ভেঙে ভেতর প্রবেশ করেছেন।
রোববার (৪ আগস্ট) বেলা ১১টা ৫০ মিনিটের দিকে তারা ভেতরে প্রবেশ করেন। এ সময় তারা লাঠিসোঁটা, ইটপাটকেল নিক্ষেপ করে পুলিশের বেশ কয়েকটি গাড়ি ভাঙচুর করেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে।
এর আগে বেলা ১১টার দিকে ফটক ভাঙার চেষ্টা করার পর আন্দোলনকারীরা মিছিল নিয়ে রায়সাহেব বাজারের দিকে চলে যান। এ সময় তারা পুলিশের একটি গাড়ি ভাঙচুর করেন। এতে আইনজীবীরা ভেতরে প্রবেশ না করতে পেরে বাইরে অবস্থান করেন। এদিকে সরকার পতনের দাবিতে বিএনপিপন্থী আইনজীবীরা ঢাকার নিম্ন আদালতে বিক্ষোভ মিছিল করেছে।
রোববার (৪ আগস্ট) সকাল সাড়ে ১১ টার পর তারা ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত প্রাঙ্গণে এ বিক্ষোভ শুরু করেন। টায়ার জ্বালিয়ে রায়সাহেব বাজার মোড় এলাকায় বিক্ষোভ করছে সাধারণ জনগণ ও শিক্ষার্থীরা। অসহযোগ আন্দোলন কর্মসূচিতে রাস্তায় নেই গণপরিবহন।
প্রসঙ্গত, একদফা দাবিতে আজ থেকে সারা দেশে অসহযোগ আন্দোলনের ডাক দেয় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। শনিবার দিবাগত মধ্যরাতে ফেসবুকে এক পোস্টে এ তথ্য জানান বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আসিফ মাহমুদ। সে ডাকের প্রেক্ষিতেই নানা শ্রেণি পেশার মানুষ রাস্তায় নেমে বিক্ষোভ করছে। রাজধানীর বিভিন্ন এলাকা থেকে দলে দলে মিছিল নিয়ে শাহবাগ অভিমুখে যাচ্ছে বিক্ষোভকারীরা।

