কোটা সংস্কার আন্দোলন নিয়ে দেশ যখন উত্তাল, তখন অনেকটাই চুপসে ছিল ক্রীড়াঙ্গন। এবার সেই নীরবতা ভাঙলেন দুই তরুণ ক্রিকেটার। সাহস নিয়ে মুখ খুলেলেন তারা। রক্তপাত নয়, ‘শান্তি’ চেয়ে জানান দিয়েছেন নিজেদের অবস্থান।
কোটা সংস্কার আন্দোলনের দাবিতে ফুঁসছে দেশ। এক দিন আগেই ঢাকা বিশ্ববিদ্যালয়ে আন্দোলনকারী সাধারণ শিক্ষার্থীদের সাথে সংঘর্ষে জড়িয়েছে ছাত্রলীগ। এ ঘটনায় আন্দোলনকারী বহু শিক্ষার্থী আহত হয়েছে। রক্তাক্ত হয়েছে রাজপথ।
যা চোখে পড়েছে তাওহীদ হৃদয় আর শরিফুল ইসলামের। দেশে থেকে বহুদূরে থাকা এই দুই তারকা ক্রিকেটারের মন তাতে বিষিয়ে উঠেছে। দেশের এমন ক্রান্তিলগ্নে ব্যথিত তারা।
জাতীয় ক্রিকেট দলের তারকা ব্যাটার তাওহীদ হৃদয় ঢাকা বিশ্ববিদ্যালয় লোকপ্রশাসন বিভাগের শিক্ষার্থী। পেশাদার ক্রিকেটার হলেও প্রিয় শিক্ষাপ্রতিষ্ঠানের সঙ্কটময় মুহূর্তে অন্য সবার মতো তিনিও উদ্বিগ্ন। উদ্বিগ্ন দেশের এমন অবস্থা নিয়েও।
এই নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে হৃদয় লেখেন, ‘সবকিছু থেকে দূরে আছি, তাই অনেক কিছুই দেখা হয়নি। আমার প্রাণের ঢাকা ইউনিভার্সিটি, আর রক্তাক্ত না হোক।’
এদিকে আরেক ক্রিকেটার শরিফুল ইসলামও এমন রক্তের খেলা বন্ধের আহ্বান জানিয়েছেন। নিজের ফেসবুক ওয়ালে এক সংক্ষিপ্ত স্ট্যাটাসে তিনি লিখেন, ‘আমি একজন ক্রিকেটার হলেও একজন ছাত্র। আমি চাই না আর কোনো ছাত্রছাত্রীর রক্ত ঝরুক।’
এই দুই তরুণ ক্রিকেটার মুখ খুললেও এখনো চুপ দেশের শীর্ষস্থানীয় ক্রিকেটাররা। সরকার দলীয় সংসদ সদস্য মাশরাফী বিন মর্তুজা ও সাকিব আল হাসান তো বটেই, দেশের এমন ক্রান্তিলগ্নে মুখ খুলেননি তামিম ইকবাল, মুশফিকুর রহিমরাও।
লঙ্কান প্রিমিয়ার লিগে খেলতে শ্রীলঙ্কায় অবস্থান করছেন তাওহীদ হৃদয় ও শরিফুল ইসলাম। যেখানে বি লাভ ক্যান্ডির হয়ে খেলছেন শরিফুল। তাওহীদ হৃদয় আছেন ডাম্বুলায়।সুত্র, নয়া দিগন্ত ।

