বিদেশ যাওয়ার অনুমতি পেলেন আমানউল্লাহ আমান

দুর্নীতির মামলায় সাজাপ্রাপ্ত বিএনপি নেতা আমানউল্লাহ আমানকে চিকিৎসার জন্য বিদেশ যেতে অনুমতি দিয়েছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ।

সোমবার প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বে আপিল বিভাগ বেঞ্চ এ আদেশ দেন।

তবে ১ মাসের মধ্যে অর্থাৎ আগামী ৯ জুনের মধ্যে চিকিৎসা শেষে ফিরতে হবে তাকে। দেশে এসে আপিল বিভাগকে জানাবেন যে তিনি দেশে ফিরেছেন।

আদালতে আমানের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন। দুদকের পক্ষে শুনানি করেন সিনিয়র অ্যাডভোকেট খুরশীদ আলম খান।

অবৈধ সম্পদ অর্জন ও সম্পদ বিবরণীতে তথ্য গোপনের অভিযোগের মামলায় ১৩ বছরের সাজাপ্রাপ্ত আমানউল্লাহ আমানকে গত ২০ মার্চ জামিন দেয় আপিল বিভাগ। তবে বিদেশ যেতে হলে তাকে আদালতের অনুমতি নিতে হবে বলে আদেশে বলা হয়েছিল।

সম্পদের তথ্য গোপন ও জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে রাজধানীর কাফরুল থানায় আমান দম্পতির বিরুদ্ধে ২০০৭ সালের ৬ মার্চ মামলা করে দুদক। ওই বছরের ২১ জুন আমান উল্লাহ আমানকে ১৩ বছর এবং তার স্ত্রী সাবেরাকে তিন বছরের কারাদণ্ড দেন বিশেষ জজ আদালত। এরপর ওই রায়ের বিরুদ্ধে হাইকোর্টে আপিল করেন তারা। ২০১০ সালের ১৬ আগস্ট হাইকোর্ট তাদের খালাস দেন।

পরে হাইকোর্টের ওই রায়ের বিরুদ্ধে আপিল করে দুদক। আপিল বিভাগ ২০১৪ সালের ২৬ মে হাইকোর্টের রায় বাতিল করে আপিলটি পুনঃশুনানির নির্দেশ দেন।

পুনঃশুনানির পর ওই মামলায় আমানের ১৩ বছর ও তার স্ত্রী সাবেরা আমানের ৩ বছরের কারাদণ্ড বহাল রেখে রায় দেন হাইকোর্ট। এ মামলায় আদালতের নির্দেশে আমান আদালতে আত্মসমর্পণ করলে তাকে কারাগারে প্রেরণ করা হয়। তিনি হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিল বিভাগে আপিল করেন। এ মামলায় তাকে আপিল বিভাগ জামিন দেয়। জামিনে তিনি কারামুক্ত হন।
সূত্র : বাসস

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.