অসুস্থতার কারণে বিমানের ক্রু ছুটি নেয়ায় ৭০টির বেশি ফ্লাইট বাতিল করেছে ভারতের এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস। বুধবার সকালে এ তথ্য নিশ্চিত করেছে বিমান সংস্থার কর্তৃপক্ষ। এ খবর দিয়েছে অনলাইন এনডিটিভি।
এতে বলা হয়েছে, বিমান ছাড়ার ঠিক আগ মূহুর্তে অসুস্থতার কারণ দেখিয়ে ছুটি নিয়েছে এয়ারলাইন্সটির প্রায় ৩০০ সিনিয়র ক্রু। ছুটি চাওয়ার পরপরই তারা সকলে তাদের মুঠোফেনের যোগাযোগ বিচ্ছিন্ন করে দেন। যাতে বিপাকে পড়েছেন বিমান কর্তৃপক্ষ। বিমানের ক্রু না থাকায় ৭৯টি দেশি ও আন্তর্জাতিক ফ্লাইট বাতিল করেছে এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস কর্তৃপক্ষ।
মূলত নতুন নিয়োগ নিয়ে টাটা গ্রুপের মালিকানাধীন এই এয়ারলাইন্সের সঙ্গে দ্বন্দ্বে জড়িয়েছেন এর সিনিয়র ক্রু। ফলে তারা একযোগে ছুটি নিয়ে কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ বন্ধ করে দিয়েছে। এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের একটি ঘনিষ্ঠ সূত্র জানিয়েছে, বিমান ছাড়ার ঠিক আগ মুহূর্তে আমাদের একটি সেকশনের কেবিন ক্রু তাদের অসুস্থতার কথা জানিয়েছে।
ফলে প্রথমে বিলম্ব এবং পরে আমরা সংশ্লিষ্ট ফ্লাইটগুলো বাতিলের সিদ্ধান্ত নিয়েছি। কেন তারা এভাবে শেষ সময়ে এসে একযোগে এমন সিদ্ধান্ত নিলো সে বিষয়টি জানতে কর্তৃপক্ষ বারবার তাদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করলেও ক্রুদের মুঠো ফোন বন্ধ থাকায় তা সম্ভব হয়নি।

