আজিজ-বেনজীরকে কেন গ্রেপ্তার করা হচ্ছে না : মান্না

সাবেক সেনা প্রধান আজিজ আহমেদ ও সাবেক পুলিশ প্রধান বেনজীর আহমেদকে কেনো গ্রেপ্তার করা হচ্ছে না, তা নিয়ে প্রশ্ন তুলেছেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না।

আজ বুধবার দুপুরে জাতীয় প্রেসকক্লাবের সামনে এক সমাবেশে তিনি এই প্রশ্ন তুলেন। ‘দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলন’ -এর উদ্যোগে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও মহানগর দক্ষিণের সদস্য ইশরাক হোসেনসহ নেতাকর্মীদের মুক্তির দাবিতে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

মান্না বলেন, বেগম খালেদা জিয়ার মুক্তির ব্যাপারে বিএনপি যদি একটা সভা বিকেলে ডাকে অফিসের সামনে, হাজার হাজার মানুষ সয়লাব হয়ে যায়। এরকম মুক্তির দাবিতে পারলে প্রতিদিন বিভিন্ন জায়গায় সমাবেশ করেন, মানববন্ধন করেন, মানুষের মুক্তির দাবিতে এই দুস্কৃতিকারীদের বিচারের দাবিতে। কেনো এখন পর্যন্ত আজিজ (আজিজ আহমেদ) কিংবা বেনজীরকে (বেনজীর আহমেদ) গ্রেপ্তার করা হয়নি এবং তাদের নামে মামলা দেওয়া হয়নি, সেই ব্যাপারে দাবি তুলতে রাজপথে নামেন।

মান্না বলেন, বেশিদিন নাই। ওইখানে জাতিসংঘের প্রতিনিধি রোজারি বলেছেন, তার কাছে অভিযোগ করা হয়েছে, ‘তোমরা পিসকোরে বাংলাদেশ ও শ্রীলংকা থেকে যে, আর্মি-পুলিশ ও অন্যান্য অফিসারদের নিয়ে এসে তাদেরকে চাকুরি দিচ্ছো, এরাতো নিজের দেশে মানবতাবিরোধী অপরাধ করেছে।’

তিনি আরও বলেন, ‘রোজারি বলেছেন, আমরা খুঁজে দেখব, যাদের যাদের বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের অভিযোগ আছে, তাদেরকে আমরা ফেরত পাঠিয়ে দেব।’

এ সময় ‘দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলন’ -এর সভাপতি কে এম রকিবুল ইসলাম রিপনের সভাপতিত্বে সমাবেশে গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর, এবি পার্টির সদস্য সচিব মজিবুর রহমান মঞ্জু, জাগপার সহসভাপতি রাশেদ প্রধান, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য আবদুস সালাম, নির্বাহী কমিটির সদস্য অর্পনা রায় ও মাওলানা শাহ নেছারুল হক বক্তব্য রাখেন।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.