মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অবস্থা স্থিতিশীল। তাঁকে এসএসকেএম হাসপাতাল থেকে কালীঘাটের বাড়িতে নিয়ে যাওয়া হয়েছে। সঙ্গে ছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি জানান, মুখ্যমন্ত্রী ভাল আছেন। তাঁর মাথায় চারটি সেলাই পড়েছে।
প্রথমে হাসপাতালের কেবিন থেকে বার করে হুইল চেয়ারে মমতাকে নিয়ে যাওয়া হয় এসএসকেএম লাগোয়া বাঙুর ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্সেসের ওপিডি বিল্ডিংয়ে। সেখানে সিটি স্ক্যান-সহ একাধিক পরীক্ষা করা হয় তাঁর। কিছু ক্ষণ পর সেখান থেকে তাঁকে বার করে গাড়িতে তোলা হয়। নিয়ে যাও হয় কালীঘাটের বাড়িতে। মুখ্যমন্ত্রীর মাথায় ব্যান্ডেজ বাঁধা রয়েছে।
হাসপাতাল সূত্রে খবর, চিকিৎসকেরা মুখ্যমন্ত্রীকে রাতে হাসপাতালেই থেকে যাওয়ার পরামর্শ দিয়েছিলেন। কিন্তু তিনি থাকতে চাননি। তাই তাঁকে বাড়িতে পাঠিয়ে দেওয়া হয়েছে।
হাসপাতাল থেকে বার করার সময়ে হুইল চেয়ারে মুখ্যমন্ত্রীর মাথা সামনের দিকে কিছুটা ঝোঁকানো ছিল। তিনি কখনও চোখ বন্ধ করছিলেন, কখনও তাকাচ্ছিলেন। আচ্ছন্ন অবস্থায় ছিলেন তিনি। তাঁকে ঘিরে ছিলেন চিকিৎসক এবং হাসপাতালের কর্মীরা। গাড়িতে করে তাঁকে বাড়িতে নিয়ে যাওয়া হয়েছে।
গাড়ির সামনের আসনেই বসেছেন মমতা। তাঁর সঙ্গে রয়েছেন কাজরী বন্দ্যোপাধ্যায়। পিছনের আসনে বসেন অভিষেক। গাড়ি থেকে ক্যামেরার দিকে তাকিয়ে হাত জোড় করতে দেখা যায় তাঁকে। চিকিৎসকদের সঙ্গে তিনি কথাও বলেছেন বলে খবর। অর্থাৎ, আপাতত মুখ্যমন্ত্রীর অবস্থা স্থিতিশীল।
হাসপাতাল থেকে বেরিয়ে যাওয়ার সময়ে অভিষেক বলেন, ‘‘মুখ্যমন্ত্রীর মাথায় চারটি সেলাই পড়েছে। এখন তিনি ভাল আছেন। বাংলার মানুষের আশীর্বাদে তিনি দ্রুত সুস্থ হয়ে উঠবেন।’’
বরাহনগর, ভগবানগোলায় উপনির্বাচন কি লোকসভার সঙ্গেই? শুক্রে সিদ্ধান্ত নেবে নির্বাচন কমিশন
তৃণমূল সূত্রে খবর, বৃহস্পতিবার সন্ধ্যায় কালীঘাটে নিজের বাসভবনে হাঁটতে গিয়ে পড়ে যান মমতা। তাঁর কপালে চোট লাগে। কপাল ফেটে রক্ত গড়িয়ে পড়ে। তৃণমূলের এক্স হ্যান্ডলে (সাবেক টুইটার) মুখ্যমন্ত্রীর রক্তাক্ত অবস্থার ছবি পোস্ট করা হয়। এসএসকেএম হাসপাতালে তাঁকে নিয়ে আসেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। কী ভাবে মমতা পড়ে গেলেন, তা এখনও স্পষ্ট নয়।
তৃণমূলের পোস্ট করা ছবিতে দেখা যায়, মমতার কপালের ঠিক মাঝখানে কেটে গিয়েছে। সেখান থেকে রক্ত গড়িয়ে নাকের পাশ দিয়ে ঠোঁট ছুঁয়ে গলা পর্যন্ত নেমেছে।
হাসপাতাল সূত্রে জানা গিয়েছিল, কপালে গভীর ক্ষত হয়েছে মুখ্যমন্ত্রীর। তিনি আচ্ছন্ন অবস্থায় ছিলেন বেশ কিছু ক্ষণ। একাধিক পরীক্ষা করা হয়। সেলাই করা হয় কপালে।
অভিষেকের গাড়িতেই কালীঘাট থেকে এসএসকেএম হাসপাতালে নিয়ে যাওয়া হয় মমতাকে। সেখানে সাড়ে ১২ নম্বর কেবিনে তাঁকে রাখা হয়। সেখান থেকে রাত সাড়ে ৯টা নাগাদ তাঁকে বার করে নিয়ে যাওয়া হয় ট্রমা কেয়ার সেন্টারে।

