৮ মার্চ, নারীর অধিকার আদায়ের সংগ্রামের ইতিহাস। ১৮৫৭ সালের ৮ মার্চ কাজের সময় সুনির্দিষ্ট করা, ন্যায্য মজুরি নির্ধারণ করা, মজুরি বৈষম্য দূর করাসহ কৃষ্ণাঙ্গ ও অভিবাসী নারীর অধিকার, কাজের অমানবিক পরিবেশের বিরুদ্ধে আর ভোটের অধিকার প্রদান করার দাবিতে নিউ ইয়র্কের সুতা কারখানার নারী শ্রমিকরা পথে নেমে আসে। তাদের আন্দোলনের ওপর পুলিশ নৃশংস হামলা চালায়। আহত রক্তাক্ত হয় অসংখ্য নারী। প্রচণ্ড দমন-পীড়ন আর সামাজিক প্রতিকূল মানসিকতার কারণে সেদিন আপাত পিছু হটেছিল নারীরা, কিন্তু আন্দোলনের আগুন নেভেনি বরং ছড়িয়ে পড়েছিল দেশে দেশে। ১৯০৮ সালের ২৮ ফেব্রুয়ারি কাজের সময় কমানো, বেতন বৃদ্ধি আর ভোটাধিকারের দাবিতে হাজার হাজার নারী সোশ্যালিস্ট পার্টি অব আমেরিকার ডাকে নিউ ইয়র্কের রাস্তায় বিক্ষোভ করেছিল। এরপরের বছর ১৯০৯ সালে সোশ্যাল ডেমোক্র্যাট নারী সংগঠনগুলোর পক্ষ থেকে নিউ ইয়র্কে আয়োজিত নারী সমাবেশে জার্মান সমাজতান্ত্রিক নেত্রী ক্লারা জেটকিনের নেতৃত্বে প্রথম আন্তর্জাতিক সমাজতান্ত্রিক নারী সম্মেলন অনুষ্ঠিত হয়।
‘ক্লারা’ ছিলেন জার্মান রাজনীতিবিদ, জার্মান কমিউনিস্ট পার্টির অন্যতম প্রধান নেতা। তার বিশেষ উদ্যোগে ১৯১০ সালে ডেনমার্কের কোপেনহেগেনে অনুষ্ঠিত হয় দ্বিতীয় আন্তর্জাতিক নারী সম্মেলন। ১৭টি দেশ থেকে ১০০ জন নারী প্রতিনিধি এতে যোগ দিয়েছিলেন। নারী শ্রমিকদের রক্তঝরা আন্দোলনের দিন স্মরণে রেখে এ সম্মেলনে ক্লারা প্রতি বছর ৮ মার্চকে আন্তর্জাতিক নারী দিবস হিসেবে পালন করার প্রস্তাব দেন। সম্মেলন থেকে সিদ্ধান্ত গৃহীত হয় : ১৯১১ সালে থেকে নারীদের সম-অধিকার দিবস হিসেবে দিনটি পালিত হবে। দিবসটি পালনে এগিয়ে আসে বিভিন্ন দেশের সমাজতন্ত্রীরা। ১৯১৪ সাল থেকে বেশ কয়েকটি দেশে ৮ মার্চ পালিত হতে থাকল। আর ১৯৭৭ সালে জাতিপুঞ্জ ৮ মার্চকে ‘আন্তর্জাতিক নারী দিবস’ হিসেবে পালনের ঘোষণা করে। যে কোনো দাবি আদায়ের আন্দোলন গড়ে উঠে অনেক বেদনা আর স্বপ্নের পথ বেয়ে। মানবসভ্যতার শুরু থেকেই সমাজের সব কাজে নারীর অংশগ্রহণ ছিল। কৃষির সূত্রপাত হয়েছিল নারীর হাত ধরে, ইতিহাস চর্চার সঙ্গেও নারীর প্রধান অংশগ্রহণ ছিল, ভাষা গড়ে তোলার ক্ষেত্রেও নারীর ছিল প্রধান ভূমিকা। কিন্তু কী নিদারুণ বৈষম্য! কৃষিশ্রমিক হিসেবে নারী বঞ্চিত, ইতিহাসে নারী উপেক্ষিত, ভাষায় নারীর বর্ণনা অবমাননাকর । ফরাসি বিপ্লব ১৭৮৯ সালে সাম্য মৈত্রী ভ্রাতৃত্বের স্লোগান তুলে দীর্ঘদিনের মানুষে মানুষে পার্থক্যের দেয়াল গুঁড়িয়ে দিয়েছিল। সব মানুষের অধিকার সমান এই দাবির সঙ্গে সঙ্গে নারী মুক্তির স্লোগানও একই সঙ্গে উচ্চারিত হয়েছিল। ১৮৪৮ সালে কার্ল মার্ক্স ও ফ্রেডরিক এঙ্গেলস লিখিত কমিউনিস্ট মেনিফেস্টোর ঘোষণা ছিল, ‘দুনিয়ার মজদুর এক হও’! এর ফলে এই যুক্তি সামনে এলো যে, নারী-পুরুষের মিলিত শ্রমসভ্যতা তৈরি করেছে। অতএব সমাজে নারী-পুরুষের সমান অধিকার প্রতিষ্ঠিত হতে হবে। এরপর এসেছিল ১৮৫৭ সালে নিউ ইয়র্কে সেই নারী অভ্যুত্থানের ঘটনা। তারপর যত আন্দোলন হয়েছে তার কোনো ক্ষেত্রেই নারী-পুরুষের দাবিতে পার্থক্য ছিল না। ১৮৮৬ সালের মে দিবসের আন্দোলনে ৮ ঘণ্টা কর্মদিবস, ন্যায্য মজুরির দাবি উঠেছিল। মার্ক্স বলেছিলেন, এই দাবির অন্তরালে ছিল শোষণ মুক্তির আকাক্সক্ষা।
বিজ্ঞান প্রমাণ করেছে বুদ্ধি, খাদ্যগ্রহণ, অসুস্থতা, কর্মক্ষমতা কোনো ক্ষেত্রেই নারী-পুরুষের বৈষম্য নেই। যে খাবারে নারী পুষ্টি পায় সেই খাবার পুরুষেরও পুষ্টি জোগায়, যে রোগে পুরুষ আক্রান্ত হয় সেই রোগ নারীকেও আক্রান্ত করে। যে ওষুধে পুরুষ সেরে উঠে সেই ওষুধ নারীর শরীরেও সমান ক্রিয়া করে। নারী-পুরুষের রক্তবিনিময়, কিডনিসহ অঙ্গ প্রতিস্থাপন সবই সম্ভব। ফলে নারী-পুরুষের যে পার্থক্য আছে তা প্রাকৃতিক কিন্তু সমাজ এটাকে কৃত্রিমভাবে বৈষম্যে পরিণত করেছে। এই কৃত্রিমভাবে চাপিয়ে দেওয়া বৈষম্য দূর করার জন্য সমাজ বদলের সংগ্রামের অংশ হিসেবেই নারীর মর্যাদা ও অধিকার প্রতিষ্ঠার সংগ্রাম শক্তিশালী করা দরকার। বিশ্বব্যাপী এই আন্দোলন ছড়িয়ে দেওয়ার লক্ষ্যেই নারী দিবসের আহ্বান জানানো হয়েছিল।
বাংলাদেশের দিকে তাকিয়ে যদি প্রশ্ন করা হয়, বিশ্ব নারী দিবসের ১১৩ বছরে বাংলাদেশের নারীরা কেমন আছে? ব্রিটিশ ও পাকিস্তানবিরোধী স্বাধীনতা সংগ্রামে এত আত্মদান, বীরত্বপূর্ণ সংগ্রাম ও নির্যাতন সহ্য করার পর যে স্বাধীনতা এসেছে সেই স্বাধীন দেশেও সবচেয়ে পরাধীন অংশের নাম নারী। এই পরাধীনতা পুরুষতন্ত্রের কাছে, সমাজের মানসিকতার কাছে।
কয়েকদিন আগে বিশ্ব ব্যাংকের নারী ব্যবসা ও আইন ২০২৪ শীর্ষক এক প্রতিবেদনে বলা হয়েছে, কর্মক্ষেত্রে বাংলাদেশের নারীরা পুরুষের তিন ভাগের এক ভাগ আইনি অধিকার ভোগ করেন। এ ক্ষেত্রে দক্ষিণ এশিয়ার অন্য দেশগুলোর চেয়ে পিছিয়ে বাংলাদেশ। বাংলাদেশের পেছনে আছে শুধু আফগানিস্তান। আন্তর্জাতিক নারী দিবসের আগে গত সোমবার ১৯০টি দেশ ও অঞ্চলের ওপর প্রতিবেদনটি প্রকাশ করা হয়।
‘নারী, ব্যবসা ও আইন’ শিরোনামে বিশ্বব্যাংক দশমবারের মতো এ ধরনের প্রতিবেদন প্রকাশ করেছে। এবার এতে দুটি সূচক বিবেচনা করা হয়েছে। একটিতে কাগজপত্রে নারীরা কতটা আইনি অধিকার ভোগ করেন, তা বলা হয়েছে (সংস্করণ ১)। এখানে মাপকাঠি ধরা হয়েছে আটটি বিষয়, অবাধ চলাচল, কর্মক্ষেত্র, মজুরি, বিয়ে, পিতৃত্ব-মাতৃত্ব, ব্যবসার উদ্যোগ, সম্পদ ও অবসরভাতা সুবিধা। দ্বিতীয় সূচকটি (সংস্করণ ২) এবারই প্রথম প্রতিবেদনে অন্তর্ভুক্ত করা হয়। এতে দেখা হয়েছে, আইনকানুন এবং তার বাস্তবায়ন কতটা হয় দুটি মিলিয়ে। এখানে দুটি নতুন মাপকাঠি যোগ করা হয় নিরাপত্তা ও শিশুর পরিচর্যা। সামগ্রিক প্রতিবেদনে দেখা যায়, বাংলাদেশ প্রথম সূচকে নম্বর পেয়েছে ৪৯ দশমিক ৪। দ্বিতীয় সূচকে নম্বর পেয়েছে ৩২ দশমিক ৫। অর্থাৎ নারীরা পুরুষের চেয়ে তিন ভাগের এক ভাগ অধিকার ভোগ করতে পারেন। তবে যারা নারী অধিকার নিয়ে কাজ করেন সে রকমের বিশেষজ্ঞদের মতে, বাংলাদেশ নম্বর আরও কম পেয়েছে, ২৬-এর কিছু বেশি। ক্ষমতাসীনরা এই প্রতিবেদনকে প্রত্যাখ্যান করবেন নিশ্চয়ই কিন্তু নারীরা বলবেন, বিশ্বব্যাংকের প্রতিবেদন দেখে বুঝতে হবে না, আমরা জীবনের অভিজ্ঞতা দিয়েই বুঝি কতটা পেছনে আছি আর কতটা পিছিয়ে রাখা হয়েছে। কিন্তু নারী তো সংগ্রাম করছেই। শত প্রতিকূলতা সত্ত্বেও জীবন এবং জীবিকার প্রয়োজনে ইট ভাঙা, মাটি কাটার মতো কঠিন পরিশ্রমের কাজ থেকে শুরু করে বিমান চালানোর মতো উচ্চদক্ষতার কাজেও নারী তার যোগ্যতা প্রমাণ করেছে। কিন্তু তাদের জীবনে দুটি প্রধান বাধা। পুঁজিবাদী শোষণের কারণে নারী সস্তা শ্রমের পণ্য আর মৌলবাদী ফতোয়ার কারণে নারী নিচুস্তরের প্রাণী। নারীর বিকাশের পথে অসংখ্য বাধা, পথ চলতে বিড়ম্বনা, লাঞ্ছিত হওয়ার ভয়, সমান কাজ করেও সমান মজুরি না পাওয়ার যন্ত্রণা নারীকে প্রতিদিন ভোগ করতে হয়। সে প্রতিনিয়ত দেখে সমাজের কাজে, সংসারের কাজে নারীর অংশগ্রহণ আছে, কিন্তু তার কাজের স্বীকৃতি নেই। নারীর গৃহস্থালি কাজের মূল্য এখনো জিডিপিতে অন্তর্ভুক্ত হয়নি। নারীর গৃহস্থালি কাজের ফল ভোগ করলেও স্বীকৃতি নেই, সে কাজের মর্যাদা নেই, সে কাজকে তাচ্ছিল্য করা হয় আর যারা এই কাজ করেন তাদের কোনো পারিশ্রমিক নেই। এই স্বীকৃতিবিহীন, মর্যাদাবিহীন, মজুরিবিহীন কাজের নাম গৃহস্থালি কাজ। এসব কাজের ৮০ ভাগের বেশি করেন নারীরা।
দেশের জিডিপির আকার বড় হচ্ছে আর বাড়ছে মাথাপিছু আয়। এই বাজেট বড় হওয়া আর জিডিপি বাড়ার পেছনে আড়াই কোটি নারী শ্রমিক, দশ লাখ প্রবাসী নারী শ্রমিকের প্রত্যক্ষ অবদান আছে আর পরোক্ষ অবদান আছে যে নারীদের তাদের অবদান তারা কি আড়ালেই থাকবে? মাথাপিছু আয় এখন ২৭৬৫ ডলার অর্থাৎ ৫ সদস্যের একটি পরিবারে মাসিক আয় হওয়ার কথা গড়ে ১ লাখ ৩২ হাজার টাকা। কিন্তু গড় আয়ের নিচে পড়ে আছে প্রায় ১৬ কোটি মানুষ। কিন্তু জীবনযাপনের ব্যয় তো ক্রমাগত বাড়ছে। তাই পরিবার চালাতে নীরব শ্রমের বিশাল দায় কাঁধে তুলে নিচ্ছে যে নারীরা তাদের শ্রম, অবদান কি বাজেটে বা জিডিপি হিসাব করার সময় আলোচনায় আসবে না? বেতনভুক্ত গৃহকর্মীর কাজের আর্থিক মূল্য বিবেচিত হয় কিন্তু গৃহকর্মের আর্থিক মূল্য নির্ধারণ হয় না।
‘ক্রিমিনাল জাস্টিস সিস্টেম স্ট্যাটাস কো অ্যান্ড রিকমেন্ডেশন ফর ডোমেস্টিক ভায়োলেন্স ভিকটিম ইন বাংলাদেশ’ (ফৌজদারি বিচার পরিস্থিতি ও বাংলাদেশে পারিবারিক সহিংসতা) শীর্ষক গবেষণায় বলা হয়, শারীরিক, মানসিক, অর্থনৈতিক ও যৌন এ চার ধরনের পারিবারিক নির্যাতনের শিকার হন দেশের ৮৭ শতাংশ নারী। এর মধ্যে মাত্র ১ শতাংশ মামলা করেছেন এবং প্রায় ৩ শতাংশ সালিশি বা এনজিওর মাধ্যমে মধ্যস্থতা করেন। মামলা কেন করেন না? এ ধরনের প্রশ্নের উত্তরে একজন একটি তাৎপর্যপূর্ণ কথা বলেছিলেন, মামলার পেছনে দৌড়াইয়া কী লাভ হবে?
দেশের ৮৫ শতাংশ পরিবার পুরুষ দ্বারা পরিচালিত হয়। বাংলাদেশে কোনো না কোনো কাজের মাধ্যমে ৬৫ শতাংশ নারী আয় করছেন। কিন্তু এর মধ্যে মাত্র ১০ শতাংশ জানেন, আয়ের অর্থ কীভাবে ব্যয় করবেন। নিজের আয় সম্পর্কে, সংসারের ব্যয় সম্পর্কে, শিক্ষা ও জীবিকা সম্পর্কে এমনকি জীবন সম্পর্কে সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে পিছিয়ে রাখা হয়েছে নারীকে। সমকাজে সমমজুরি নেই, পিতামাতার সম্পত্তিতে সমান অধিকার নেই, অপ্রাতিষ্ঠানিক কাজে যুক্ত বিশাল নারীর মাতৃত্বকালীন সুরক্ষা নেই। আছে সমাজ সংস্কারের বাঁধা, আইনি বাঁধা, অর্থনৈতিক বঞ্চনা, ধর্মীয় বিধিনিষেধ। এসব কিছুর মিলিত রূপ শোষণ। আর এই শোষণের ফলেই আসে বৈষম্য। নারী দিবস এই শোষণ ও বৈষম্যের বিরুদ্ধে সংগ্রামের স্মারক। সংগ্রামহীন অধিকার এক অর্থে করুণার মতো। নারী দিবসে অধিকারের পাশাপাশি সংগ্রাম এবং আন্দোলনের কথাটা যেন আমরা ভুলে না যাই।
লেখক: রাজেকুজ্জামান রতন , রাজনৈতিক সংগঠক ও কলাম লেখক
rratan.spb@gmail.com

