এখনও ওয়ান-ইলেভেনের কুশীলব দেশের ওপর শকুন ডেকে আনে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ। তিনি বলেন, এরা ঘাপটি মেরে আছে। ছোবল মারার জন্য সুযোগ খুঁজছে। সুতরাং, সতর্ক থাকতে হবে। টেলিভিশনের পর্দায়, পত্রিকার পাতায় সেই ওয়ান-ইলেভেনের কুশীলব প্রতিনিয়ত জাতিকে জ্ঞান দিতে থাকে। তারা গত নির্বাচনের আগেও সক্রিয় হয়েছিল; আবার যদি কিছু করা যায়। কিন্তু শেখ হাসিনার দূরদর্শিতা, রাজনৈতিক প্রজ্ঞার কাছে তারা ধূলিসাৎ হয়েছে।
রাষ্ট্রপতি জিল্লুর রহমানের ১১তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আজ বুধবার দুপুরে রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে জিল্লুর রহমান পরিষদ আয়োজিত স্মরণসভায় তিনি এসব কথা বলেন।
হাছান মাহমুদ বলেন, জিল্লুর রহমানের কাছ থেকে আজকের রাজনীতিবিদদের অনেক কিছু শেখার আছে। সংকটে-সংগ্রামে-প্রতিকূল পরিস্থিতিতে কীভাবে অবিচল থাকতে হয়, নেতৃত্বের প্রতি আস্থাশীল থাকতে হয়– তার উদাহরণ তিনি।
জিল্লুর রহমান পরিষদের সভাপতি অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিকের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী ডা. রোকেয়া সুলতানা, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সহসভাপতি দিলীপ কুমার রায়, আওয়ামী লীগ নেতা এম এ করিম, কৃষক লীগের সহসভাপতি শেখ জাহাঙ্গীর আলম প্রমুখ।

