জাবিতে ধর্ষণ : দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি সুজনের 

facebook sharing button
messenger sharing button
whatsapp sharing button
twitter sharing button
linkedin sharing button

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলে স্বামীকে আটকে রেখে স্ত্রীকে গণধর্ষণের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে সুশাসনের জন্য নাগরিক-সুজন।

এ ঘটনায় সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত করে দায়ীদের আইনের আওতায় আনা ও তাদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে সংগঠনটি।

গণমাধ্যমে পাঠানো সুজন সভাপতি এম হাফিজউদ্দিন খান ও সম্পাদক ড. বদিউল আলম মজুমদার সই করা বিবৃতিতে এ দাবি জানানো হয়।

এতে বলা হয়, গণমাধ্যমের সূত্র অনুযায়ী, ৩ ফেব্রুয়ারি রাতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের মীর মশাররফ হোসেন হলে এক দম্পতিকে ডেকে এনে স্বামীকে আটকে রেখে স্ত্রীকে গণধর্ষণের অভিযোগ ওঠেছে।

 

এই অভিযোগ ওঠেছে ক্ষমতাসীন দলের সহযোগী সংগঠন ছাত্রলীগের এক নেতা ও কিছু শিক্ষার্থীর বিরুদ্ধে। সুজন মনে করে, বিশ্ববিদ্যালয় হলো সর্বোচ্চ বিদ্যাপীঠ, জ্ঞান চর্চাকেন্দ্র। এখান থেকেই জ্ঞানের উৎপত্তি ও বিকাশ ঘটে এবং শিক্ষার্থীরা জীবনমুখী ও নৈতিক শিক্ষা পায়। তাই বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণেই যখন ধর্ষণের মতো জঘন্য ঘটনা ঘটে, তখন আমরা অবাক ও ক্ষুব্ধ না হয়ে পারি না। তাছাড়া ধর্ষণের মতো অপরাধ ও অবক্ষয়ের বিরুদ্ধে যে তরুণ শিক্ষার্থীদের প্রতিবাদ জানানো ও প্রতিরোধ গড়ে তোলার কথা সেখানে তাদের বিরুদ্ধেই ধর্ষণের অভিযোগ ওঠা আমাদের মনে শঙ্কা তৈরি করছে।

তাছাড়া বিচারহীনতার সংস্কৃতির কারণে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসগুলোতে বিশেষ করে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ধর্ষণের সেঞ্চুরির অভিযোগসহ এ ধরনের ঘটনার পুনরাবৃত্তিও আমাদের শঙ্কার আরেকটি কারণ।

বিবৃতিতে তদন্ত করে দোষীদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়ে বলা হয়, অন্যথায় বাদীপক্ষ বিচার পাবেন না এবং এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি ঘটতে পারে। আমরা একইসঙ্গে বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণসহ দেশের সর্বত্র নারী ও শিশুসহ সব নাগরিকের পরিপূর্ণ নিরাপত্তা নিশ্চিতের দাবি জানাচ্ছি।

 

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.