ক্ষমতাসীনরা জনগণের ন্যূনতম গণতান্ত্রিক অধিকার হরণ করেছে : মঈন খান

সদ্য কারামুক্ত অসুস্থ বিএনপি’র বাণিজ্য বিষয়ক সম্পাদক সালাউদ্দিন আহমেদের বাসায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান। ছবি: ভিডিও থেকে নেওয়া

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান বলেছেন, ‘ক্ষমতাসীনরা জনগণের ন্যূনতম গণতান্ত্রিক অধিকার হরণ করেছে।’ তিনি আজ সোমবার কারাগারে নিহত বিএনপি নেতা বীর মুক্তিযোদ্ধা ইদ্রিস আলী’র পরিবারের সঙ্গে সাক্ষাৎ শেষে উপস্থিত সাংবাদিকদের এসব কথা বলেন।

মঈন খান আজ সোমবার সকালে রাজধানীর পূর্ব জুরাইনে নিহত ওই নেতার বাড়িতে যান। এছাড়া তিনি আজ দুপুরে সদ্য কারামুক্ত অসুস্থ বিএনপি’র বাণিজ্য বিষয়ক সম্পাদক সালাউদ্দিন আহমেদের বাসায়ও যান।

ড. আব্দুল মঈন খান বলেন, ‘ক্ষমতায় যাবার জন্য নয়, জনগণের সত্যিকারের প্রতিনিধিত্বমূলক সরকার গঠনের লক্ষ্যে আন্দোলন করছে বিএনপি।’

তিনি বলেন, ‘দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন ছিল ডামি ও বানরের পিঠা ভাগাভাগির নির্বাচন। এই নির্বাচনের মাধ্যমে প্রমাণিত হয়েছে দেশে একদলীয় শাসন ও অলিখিত বাকশাল কায়েম হয়েছে।’

শান্তিপূর্ণ আন্দোলনের মাধ্যমে দেশে গণতন্ত্র পুনরুদ্ধার করা হবে বলেও জানান বিএনপির এই নেতা।

তিনি অভিযোগ করেন, সরকার পাকিস্তান আমলের ২২ পরিবারের মতোই দেশে ২২০টি লুটেরা পরিবার সৃষ্টি করেছে, যারা দেশের সম্পদ বিদেশে পাচার করছে।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.