ইউক্রেনের জন্য আরো সামরিক সহায়তার সিদ্ধান্ত নিলেও শলৎসের সরকার দূরপাল্লার টাউরুস ক্ষেপণাস্ত্র সরবরাহের বিষয়ে নীরব রয়েছে৷ ইউরোপীয় স্তরেও বাড়তি সহায়তার উদ্যোগ চলছে৷
রাশিয়ার হামলার দুই বছর পূর্তির ঠিক আগে অস্ত্র ও গোলাবারুদের অভাবে ইউক্রেনের প্রতিরোধ ক্ষমতা নিয়ে সংশয় যখন বাড়ছে, ঠিক তখনই ইউরোপে সেই ঘাটতি মেটাতে বাড়তি তৎপরতা চলছে৷ মার্কিন কংগ্রেসে রাজনৈতিক জটিলতার কারণে ইউক্রেনের জন্য সহায়তা থমকে গেছে৷ ফলে ইউক্রেন রাশিয়ার কাছে আরো জমি হারাবে বলে আশঙ্কা করা হচ্ছে৷
বৃহস্পতিবার জার্মান সংসদের নিম্ন কক্ষ বুন্ডেসটাগের সদস্যরা সরকারকে ইউক্রেনের জন্য দূরপাল্লার অস্ত্র পাঠানোর আহ্বান জানিয়েছেন৷ তবে বিরোধী পক্ষের একাংশ টাউরুস ক্রুড মিসাইল পাঠানোর লক্ষ্যে প্রস্তাব অনুমোদন করাতে পারে নি৷ জার্মান চ্যান্সেলর ওলাফ শলৎস ৫০০ কিলোমিটার পাল্লার টাউরুস ক্ষেপণাস্ত্র সরবরাহের প্রশ্নে এখনো দ্বিধা ঝেড়ে ফেলতে পারেন নি৷ তবে তিনি সেই সম্ভাবনাও পুরোপুরি উড়িয়ে দেন নি৷
ইউক্রেনের জন্য সামরিক সহায়তার ক্ষেত্রে বর্তমানে অ্যামেরিকার ঠিক পরেই জার্মানির স্থান৷ তবে শলৎস একা সেই দায়িত্ব কাঁধে নিতে চাইছেন না৷ ইউক্রেনকে আরো অস্ত্র সরবরাহের জন্য তিনি ইউরোপের অন্যান্য দেশগুলির উপর চাপ সৃষ্টি করছেন৷ চলতি বছরে শলৎস সে দেশের জন্য ৭০০ কোটি ইউরোর বেশি মূল্যের সামরিক সহায়তা পাঠানোর পরিকল্পনা করেছেন৷ ইউক্রেনের প্রেসিডেন্ট ভোলোদোমির জেলেনস্কির সঙ্গে দীর্ঘমেয়াদী দ্বিপাক্ষিক নিরাপত্তা চুক্তিও স্বাক্ষর করেছেন জার্মান চ্যান্সেলর৷
সুত্র, ডয়েচে ভেলে ।

