রাজধানীতে রিজভীর নেতৃত্বে লাঠি মিছিল

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর নেতৃত্বে রাজধানীতে লাঠি মিছিল করেছে দলটি ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।

শুক্রবার সকালে কারওয়ান বাজার এলাকায় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন বাতিলের দাবিতে মিছিল করে তারা।

এ সময় ‘অবৈধ নির্বাচন মানি না মানব না‘, ‘ডামি নির্বাচন মানি না মানব না‘, ‘একতরফা নির্বাচন মানি না মানব না‘ স্লোগান দেন নেতাকর্মীরা। মিছিলটি কাওরানবাজার মেট্রো স্টেশন থেকে শুরু হয়ে আশপাশের সড়ক প্রদক্ষিণ করে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।

সংক্ষিপ্ত বক্তব্যে রুহুল কবির রিজভী বলেন, ‘আজ দেশে দু’টি ধারা বিদ্যমান। একটি হচ্ছে সত্য ও ন্যায়ের পক্ষে, মানুষের ভোটাধিকার ও মতপ্রকাশের স্বাধীনতার পক্ষে। আরেকটি হচ্ছে টাকা পাচার ও লুটেরাদের পক্ষে, মানুষের অধিকার হরণের পক্ষে। আমরা যারা ন্যায়ের পক্ষে আছি তাদের বিজয় অবশ্যম্ভাবী।’

তিনি বলেন, ‘অবৈধ নির্বাচন জনগণ মেনে নেবে না। লুটেরাদের নির্বাচন জনগণ মেনে নেবে না।’

তিনি বিএনপির সকল পর্যায়ের নেতাকর্মীসহ দেশবাসীকে নির্বাচন বর্জনের আহ্বান জানান।

এ সময় উপস্থিত ছিলেন বিএনপির স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডা. মো: রফিকুল ইসলাম, সহ যুব-বিষয়ক সম্পাদক মীর নেওয়াজ আলী, কেন্দ্রীয় সদস্য সেলিম রেজা হাবিব, ড. খোন্দকার আকবর হোসেন বাবলু, তাঁতী দলের আহ্বায়ক আবুল কালাম আজাদ ও সদস্য সচিব মজিবুর রহমান, মৎস্যজীবী দলের সদস্য সচিব আব্দুর রহিম, যুবদলের কেন্দ্রীয় নেতা জাকির সিদ্দিকী, মেহবুব মাসুম শান্ত, খন্দকার আল আশরাফ মামুন, কামরুজ্জামান জুয়েল, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্য নাদিয়া পাঠান পাপন, রামপুরা থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক নীলুফার ইয়াসমীন নীলু, ডা. তৌহিদুর রহমান আউয়ালসহ কয়েক শ’ নেতাকর্মী।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.