জাপা থেকে অব্যাহতির বিষয়ে যা বললেন কাজী ফিরোজ রশীদ

জাতীয় পার্টি থেকে অব্যাহতি দেওয়া হয়েছে দলের কো-চেয়ারম্যান কাজী ফিরোজ রশীদকে। আজ শুক্রবার তার সঙ্গে জাপার প্রেসিডিয়াম মেম্বার সদস্য সুনীল শুভরায়কেও অব্যাহতি দেওয়া হয়েছে। অব্যাহতি পেয়ে আশ্চর্য হননি বলে জানিয়েছেন কাজী ফিরোজ রশিদ।

অব্যাহতির বিষয়ে কাজী ফিরোজ রশিদ সংবাদমাধ্যমকে বলেন, ‘আমি মোটেও আশ্চর্য হইনি। আপনাদের থেকে আমি বিষয়টি জেনেছি। বিষয়টি ঠিক আছে। তিনি ( জাপা চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের) ভালো করেছেন। তবে এ মুহূর্তে আমি কিছুই বলব না। অনুসন্ধান করলে সব বের হবে।’

আজ জাপার যুগ্ম দপ্তর সম্পাদক মাহমুদ আলম স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে কাজী ফিরোজ রশীদ ও সুনীল শুভরায়কে অব্যাহতি দেওয়া হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের দলীয় গঠনতন্ত্রে প্রদত্ত ক্ষমতাবলে কাজী ফিরোজ রশিদ ও সুনীল শুভরায়কে দলের কো-চেয়ারম্যান ও প্রেসিডিয়াম সদস্য পদসহ দলীয় সব পদ-পদবি থেকে অব্যাহতি প্রদান করেছেন ।

ফিরোজ রশীদ ও সুনীল শুভরায়ের অব্যাহতি ইতোমধ্যে কার্যকর করা হয়েছে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

দ্বাদশ জাতীয় নির্বাচনে কারচুপি হয়েছে অভিযোগ তুলে জাপার পরাজিত প্রার্থীরা গত বুধবার দলের চেয়ারম্যানের বনানী কার্যালয় ঘেরাও করে বিক্ষোভ করেন। ভোটে ভরাডুবির জন্য তারা দলীয় চেয়ারম্যান জি এম কাদের, সিনিয়র কো-চেয়ারম্যান ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ ও মহাসচিব মুজিবুল হক চুন্নুকে দায়ী করে, তাদের  পদত্যাগ দাবি করেন। জাপার কো-চেয়ারম্যান কাজী ফিরোজ রশিদ, সৈয়দ আবু হোসেন বাবলা, প্রেসিডিয়াম সদস্য সাহিদুর রহমান টেপা, লিয়াকত হোসেন খোকাসহ জ্যেষ্ঠ নেতারা বিক্ষোভে নেতৃত্ব দেন।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.