আসামিকে না পেয়ে ভাইকে ধরে নিয়ে গেল পুলিশ !

facebook sharing button
messenger sharing button
whatsapp sharing button
twitter sharing button
linkedin sharing button

গাজীপুরের টঙ্গীতে নাশকতা ও রেললাইনে অগ্নিসংযোগের অভিযোগে দায়ের করা মামলার আসামি ৪৯নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সাবেক আহবায়ক মুক্তাদির আহমেদ লিপু মোল্লাকে না পেয়ে তার বড় ভাই নূর আহমেদ লিটন মোল্লাকে ধরে নিয়ে গেছে পশ্চিম থানা পুলিশ।

মঙ্গলবার রাতে পূর্ব থানাধীন চানকিরটেক এলাকা থেকে তাকে ধরে নিয়ে যান পশ্চিম থানার উপ-পরিদর্শক তাপস কুমার।

আটক লিটন মোল্লা কোনো রাজনৈতিক সংগঠনের সঙ্গে জড়িত নন এবং তার নামে টঙ্গীসহ দেশের কোনো থানায় মামলা নেই বলেও তার পরিবারের সদস্যরা দাবি করেন। তিনি হোসেন মার্কেট এলাকায় মোবাইল সার্ভিসিং ব্যবসার রোজগার দিয়ে বয়োবৃদ্ধ মা-বাবা, অসুস্থ স্ত্রী এবং সন্তানাদির ভরণপোষণ দিয়ে থাকেন।

আটককৃত লিটন মোল্লার ছোট ভাই মুক্তাদির আহমেদ লিপু মোল্লা জানান, আমার বড় ভাই লিটন মোল্লা কোনো রাজনৈতিক সংগঠনের সঙ্গে জড়িত নন। তিনি কেবল মোবাইল সার্ভিসিংয়ের দোকান দিয়ে সংসার চালান। এমনকি রাজনৈতিক মামলার কারণে আমি দীর্ঘদিন যাবত বাড়ি ছাড়া থাকায় আমার ভাই দোকানের রোজগার দিয়ে সংসারের হাল ধরেন। কিছুদিন যাবত এলাকার পুলিশের সোর্স বাবু ওরফে ফর্মা বাবু আমাদের পরিবারের সদস্যদের রাজনৈতিক মামলার হয়রানি থেকে রক্ষা করতে আমার কাছে ৫০ হাজার টাকা চান। আমি এত টাকা দিতে অপারগতা প্রকাশ করলে সে ক্ষেপে যায়। এরপর থেকে সে কিছু দিন পরপর আমাদের বাসায় গিয়ে আমাকে খুঁজতে থাকে। এ সময় সে আমার বৃদ্ধ এবং অসুস্থ বাবা-মাকে নানা ধরনের ভয়ভীতি দেখায়। এরই জের ধরে পশ্চিম থানা পুলিশ বাবুর সহায়তায় বুধবার রাত ৯টার দিকে আমার ভাইকে ধরে নিয়ে যায়।

এ বিষয়ে বাবু ওরফে ফর্মা বাবু বলেন, আমি লিটন মোল্লার ভাই লিপু মোল্লার কাছে কোনো টাকাপয়সা চাইনি। পুলিশ অভিযান চালিয়ে তাকে আটক করে। আমি পুলিশকে সহযোগিতা করেছি মাত্র।

যোগাযোগ করা হলে পশ্চিম থানা পুলিশের এসআই তাপস কুমার বলেন, মোল্লাবাড়ি এলাকা থেকে লিটন মোল্লাকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।

এ বিষয়ে যোগাযোগ করা হলে ৫২নং ওয়ার্ড বিএনপির সভাপতি ইদ্রিস শরীফ বলেন, ৫২নং ওয়ার্ড কমিটিতে নূর আহমেদ লিটন মোল্লা নামে কেউ নেই।

এ ব্যাপারে যোগাযোগ করা হলে টঙ্গী পশ্চিম থানার ওসি মো. সাখাওয়াত হোসেন বলেন, টাকা চাওয়ার বিষয়টি সত্য নয়। লিটন মোল্লা ৫২নং ওয়ার্ড বিএনপির যুগ্ম-সম্পাদক হিসেবে রয়েছেন। তাকে বুধবার দুপুরে গাজীপুর আদালতে পাঠানো হয়েছে।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.