সাদা পোশাকধারি আইনশৃঙ্খলা বাহিনীর লোকেরা তুলে নিয়ে গেছে : রিজভী

কাফরুল থানা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক হাবিবুর রহমান রাব্বিকে সাদা পোশাকধারি আইনশৃঙ্খলা বাহিনীর লোকেরা তুলে নিয়ে গেছে বলে অভিযোগ করেছেন বিএনপি’র সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। সোমবার রাতে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিবৃতিতে এ অভিযোগ করেন তিনি।

রুহুল কবির রিজভী বলেন, কাফরুল থানা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক ও ঢাকা উত্তর সিটি করপোরেশন নির্বাচনে ১৬ নং ওয়ার্ড বিএনপির মনোনীত কাউন্সিলর প্রার্থী হাবিবুর রহমান রাব্বি সোমবার দুপুর ১২টায় মিরপুর ১১ নম্বরের ইসলামী হাসপাতালে তার অসুস্থ মাকে ভর্তি করাতে গেলে হাসপাতালের সামনে থেকে সাদা পোশাকধারি আইনশৃঙ্খলা বাহিনীর লোকেরা তুলে নিয়ে যাওয়ার পর এখনও পর্যন্ত তার কোন হদিস দিচ্ছে না। আমি আইনশৃঙ্খলা বাহিনী কর্তৃক এই ধরণের ভয়াবহ অমানবিক কর্মকাণ্ডে গভীর উদ্বেগ প্রকাশ করছি।

‘আওয়ামী লীগ জোর করে রাষ্ট্রক্ষমতায় আসীন হওয়ার পর থেকে আইনশৃঙ্খলা বাহিনীকে দিয়ে এখনও বিরোধী দল নিধনে বেপরোয়া কর্মকাণ্ড চালিত করছে।’

নিশিরাতের নির্বাচনের পরও সরকার নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখতে ভয় পাচ্ছে মন্তব্য করে তিনি বলেন, সরকার অজানা আতঙ্কে সবসময় উদ্বিগ্ন থাকছে। তাই গুম, গ্রেপ্তার, মিথ্যা মামলা, বিচারবহির্ভূত হত্যা ও গ্রেপ্তারের পর অস্বীকার করার মতো নিষ্ঠুর কাজ অব্যাহত রেখেছে। বিরোধী দলশূন্য না করলে নব্য বাকশালী শাসন ব্যবস্থা কায়েম করা যাবে না। সেজন্য বিরোধী দল ও মত প্রকাশের স্বাধীনতাকে সম্পূর্ণভাবে হরণ করতেই বিএনপিসহ বিরোধী দলের নেতাকর্মীদের অদৃশ্য করা হচ্ছে।

রিজভী বলেন, রাব্বিকে তুলে নিয়ে যাওয়া অশুভ উদ্দেশ্যপ্রণোদিত ও বিপজ্জনক কোন কিছু ঘটারই ইঙ্গিতবাহী। বিরাজমান পরিস্থিতিতে দেশের মানুষ দুশ্চিন্তাগ্রস্ত, জনগণ অশান্তি ও গভীর শঙ্কার মধ্যে দিন যাপন করছে। রাব্বি নিখোঁজ থাকার ঘটনায় তার পরিবার ও বিএনপি নেতাকর্মীরা গভীরভাবে উদ্বিগ্ন।

অবিলম্বে রাব্বিকে জনসমক্ষে হাজির করার জন্য আহ্বান জানিয়ে তিনি বলেন, সরকারের এজেন্সিগুলোই তাকে তুলে নিয়ে গেছে। সুতরাং তাদেরকেই হাবিবুর রহমান রাব্বিকে ফেরত দিতে হবে।

 

facebook sharing button
twitter sharing button
skype sharing button
telegram sharing button
messenger sharing button
viber sharing button
whatsapp sharing button

 

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.