জেল থেকে মুক্তির কোনো আশা নেই। পরিবার থেকে বিচ্ছিন্ন থাকার বেদনা সহ্য করছেন। তবু ইরানে পরিবর্তনের আশা করেন এবার শান্তিতে নোবেল পুরস্কার বিজয়ী নার্গেস মোহাম্মাদী। সেপ্টেম্বরে বার্তা সংস্থা এএফপি’কে দেয়া এক সাক্ষাৎকারে তিনি এমন আশাবাদ ব্যক্ত করেন। রাজধানী তেহরানে কুখ্যাত ইভিন কারাগারে বন্দি রয়েছেন এই অকুতোভয় নারী। সেখান থেকে তিনি প্রশ্নের লিখিত উত্তর দেন এএফপিকে। এতে তিনি বলেন, কমপক্ষে এক বছর আগে ইরানে ইসলামিক প্রজাতন্ত্রের বিরুদ্ধে যে প্রতিবাদ বিক্ষোভ সৃষ্টি হয়েছে, তা এখনও সচল আছে। এখন থেকে ২২ বছর আগে নার্গেস মোহাম্মাদীকে (৫১) প্রথম গ্রেপ্তার করা হয়। দুই দশকের বেশি তিনি জেলে এবং জেলের বাইরে কাটিয়েছেন। ইরানে মানবাধিকারের পক্ষে অব্যাহত প্রচারণার কারণে তার বিরুদ্ধে এমন ব্যবস্থা নেয়া হয়।
২০২১ সালের নভেম্বরে তাকে আবার কারারুদ্ধ করা হয়েছে। আট বছর ধরে সন্তানদের সাথে তার দেখা সাক্ষাৎ নেই।
২০২২ সালের ১৬ই সেপ্টেম্বর নিরাপত্তা হেফাজতে থাকা অবস্থায় মারা যান মাহসা আমিনি। তিনি ইরানে নারীদের জন্য কঠোর পোশাক কোড লঙ্ঘন করেছেন বলে নীতি পুলিশের অভিযোগ। এর প্রতিবাদে ইরানজুড়ে প্রতিবাদ বিক্ষোভ শুরু হয়। কিন্তু জেলে থাকা অবস্থায় বিক্ষোভকারীদের লক্ষ্য করেছেন নার্গেস মোহাম্মদী। তিনি বলেছেন, এই বিক্ষোভ এটাই পরিষ্কার করেছে যে সমাজে অসন্তোষ আছে।
তিনি বলেন, ইরানের জনগণের প্রতিবাদবিক্ষোভকে ভাঙতে সক্ষম হয়নি সরকার। আমি বিশ্বাস করি সমাজ কিছু অর্জন করেছে, যা ধর্মভিত্তিক কর্তৃত্ববাদী শাসনকে দুর্বল করেছে। ২০২২ সালের সেপ্টেম্বরের আগেও বার বার প্রতিবাদ বিক্ষোভ হয়েছে। সেদিকে ইঙ্গিত করে নার্গেস বলেন, সাম্প্রতিক বছরগুলোতে আমরা প্রতিবাদ দেখেছি। এতে পরিস্থিতির অপরিহার্য প্রকৃতি ফুটে উঠেছে। ফলে প্রতিবাদ বিক্ষোভ আরও বিস্তৃত হবে। তিনি আরও বলেন, প্রকাশ্যে এবং ব্যক্তিগত জীবনে নারীদের প্রতিবাদ বিক্ষোভের ওপর ৪৪ বছর ধরে সরকার নিষ্পেষণ, বৈষম্য এবং নিপীড়ন চালিয়ে যাচ্ছে। এর ফলে ইরানে গণতন্ত্র, মুক্তি এবং সমতার দাবি ত্বরান্বিত হচ্ছে। সমাজে ধর্মভিত্তিক কর্তৃত্ববাদী যখন আস্থা হারাচ্ছে তখন শহর এলাকা এবং শিক্ষিত শ্রেণির মানুষ জড়িত হচ্ছেন প্রতিবাদ বিক্ষোভে। তারা ইসলামী প্রজাতন্ত্রের বিরোধিতা করছেন। ধর্মীয় এসব শ্রেণিকে দুর্বল করে দেয়ার মাধ্যমে একটি শূন্যস্থান সৃষ্টি হয়েছে। তা হলো সরকার অন্য সব অর্থনৈতিক এবং সামাজিক ফ্যাক্টর মোকাবিলায় সক্ষম হচ্ছে না। সরকার হয়ে পড়েছে অকার্যকর ও দুর্নীতিগ্রস্ত।
নার্গেস মোহাম্মদী পশ্চিমা নেতাদেরও সমালোচনা করেন। কারণ, তারা ইরানের নেতাদের তুষ্ট করে চলছে বলে তার দাবি। এ অবস্থায় তিনি বলেন, বিদেশি সরকারগুলো ইরানের প্রগতিশীল শক্তি ও নেতাদের স্বীকৃতি দেয়নি। তারা এমন নীতি গ্রহণ করেছে যাতে ইরানের ধর্মভিত্তিক কর্তৃত্ববাদী সরকার সুবিধা পায়। নার্গেস মোহাম্মদী বলেন, বর্তমানে তিনি ১০ বছর ৯ মাসের জেল ভোগ করছেন। তাকে ১৫৪ বেত্রাঘাতের শাস্তি দেয়া হয়েছে। জেলের ভিতর থাকা অবস্থায় শুধু নিজের কর্মকাণ্ডের জন্য তার বিরুদ্ধে আরও ৫টি মামলা দেয়া হয়েছে। তাই তিনি বলেন, আমার মুক্তির কোনো সম্ভাবনাই নেই। তবে তিনি স্বাধীনতার আলো দেখার আশা করেন। তাই জেলের ভিতরেই তিনি নারীদের উইংয়ের সঙ্গে বিভিন্ন ইভেন্টে আলোচনা করেন। কখনো গান করেন। কখনো নাচেন।
নার্গেস মোহাম্মদী বলেন, সব সময় বিরোধিতা, প্রতিরোধ এবং সংগ্রামের মূল কেন্দ্র ছিল কারাগার। আমার জীবনের সমস্ত সৌন্দর্য্যরে মধ্যে তা মূর্ত হয়ে উঠেছে। ইরানে ইভিনে নারীদের উইং সবচেয়ে সক্রিয়, প্রতিরোধী আনন্দের অংশ হয়ে আছে রাজনৈতিক বন্দিদের জন্য। আমার জেলজীবনে তিনবার কমপক্ষে ৬০০ নারীর সঙ্গে আমাকে অবস্থান করতে হয়। তাদের সবার জন্য আমি গর্ব অনুভব করি। কিন্তু তার এই সক্রিয়তার মধ্যেও যমজ সন্তান কিয়ানা এবং আলির শৈশবকে খুব মিস করেন। তারা স্বামী তাঘি রহমানির সঙ্গে বসবাস করে ফ্রান্সে। তাদের সঙ্গে নার্গেসের আট বছর ধরে দেখা নেই। তার ফোনে বিধিনিষেধ দিয়েছে জেল কর্তৃপক্ষ। এ জন্য তিনি দেড় বছরের বেশি সময় তাদের কণ্ঠও শুনতে পান না। নার্গেস বলেন, আমার অপূরণীয় এবং অবর্ণনীয় কষ্ট হলো সন্তানদের কাছে না পাওয়া। তাদের কাছ থেকে আট বছর আগে আমাকে আলাদা করা হয়েছে। এই জেলজীবন শুধু নির্যাতনের নয়। এর মূল্য দিতে হচ্ছে হৃদয় দিয়ে। এ হৃদয় প্রতিটি মুহূর্তে অনুশোচনায় ভেঙে যায়। বেদনায় শরীরের হাড় পর্যন্ত কেঁপে ওঠে। তবু আমি বিশ্বাস করি যতদিন গণতন্ত্র, সমতা এবং স্বাধীনতা অর্জিত না হবে ততদিন আমি এই লড়াই ও ত্যাগ অব্যাহতভাবে করে যাবো। সুত্র, মানবজমিন ।

