ঢাকার কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তির পর যুক্তরাষ্ট্রের দূতাবাসে গিয়েছেন তথ্যপ্রযুক্তি আইনের মামলায় দণ্ডিত মানবাধিকার সংস্থা ‘অধিকার’-এর সম্পাদক আদিলুর রহমান খান ও পরিচালক এ এস এম নাসির উদ্দিন এলান।
সোমবার (১৬ অক্টোবর) তারা ঢাকায় অবস্থিত মার্কিন দূতাবাসের রাষ্ট্রদূত পিটার হাস ও যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক ব্যুরোর ডেপুটি অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি আফরিন আখতারের সঙ্গে কুশলবিনিময় করেন।
সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের অফিশিয়াল পেজে যুক্তরাষ্ট্রের ঢাকা দূতাবাস তাদের সঙ্গে কুশলবিনিময়ের ছবি পোস্ট করেছে।
পোস্টে বলা হয়েছে, ‘যখন কোনো প্রাণবন্ত নাগরিক সমাজ এগিয়ে যায় এবং সুরক্ষিত থাকে, তখন সরকার আরও স্বচ্ছতা ও জবাবদিহিতার সঙ্গে কাজ করে। আমাদের নাগরিক সমাজের বিজয়ীদের স্বাগত জানাতে পেরে আমরা সম্মানিত। আমরা আপনাদের (নাগরিক সমাজ) প্রচেষ্টাকে সালাম জানাই।’

