বিএনপির সঙ্গে সংলাপের আর সুযোগ নেই : ইসি আনিছুর

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে বিএনপির সঙ্গে সংলাপের আর কোনো সুযোগ নেই বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার (ইসি) আনিছুর রহমান। শনিবার (১৪ অক্টোবর) সকালে রাজধানীর আগারগাঁওয়ে ইটিআই ভবনে জেলা প্রশাসকদের নির্বাচনী প্রশিক্ষণে তিনি এ কথা জানান।

ইসি আনিছুর বলেন, বিএনপির সঙ্গে সংলাপের আর সুযোগ নেই। তবে সুষ্ঠু নির্বাচনের জন্য আলোচনার পথ খোলা রয়েছে। তাছাড়া সব দলের অংশগ্রহণ কিন্তু নির্বাচন কমিশনের ওপর নির্ভর করে না। নির্বাচনে অংশগ্রহণ করা সেটা নির্ভর করে দলের সিদ্ধান্ত এবং রাজনৈতিক সিদ্ধান্তের ওপর। এর সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নেই।

তিনি বলেন, আমরা নির্বাচনের উপযোগী পরিবেশ তৈরি করব। গত দেড় বছরে সব দলকে আমরা একাধিকবার আহ্বান জানিয়েছি; এখনও আমরা আহ্বান জানাচ্ছি তারা যাতে নির্বাচনে অংশগ্রহণ করে। নির্বাচনটা অংশগ্রহণমূলক, সুষ্ঠু এবং অবাধ হয়। সেটা নির্ভর করবে রাজনৈতিক দলের সিদ্ধান্তের ওপর।

ইসি আনিছুর আরও বলেন, নির্বাচনে আমাদের হস্তক্ষেপ করার কোনো সুযোগ নেই। আমরা সংবিধান অনুযায়ী নির্বাচন করার জন্য প্রস্তুতি নিয়েছি। ধীরে ধীরে আমাদের সব প্রস্তুতি একটা একটা করে সম্পন্ন হচ্ছে। নভেম্বরের মধ্যেই তফসিল ঘোষণা করা হবে।

এর আগে গত মাসে গাজীপুরে এক অনুষ্ঠানে আনিছুর রহমান বলেছিলেন, সংবিধান অনুযায়ী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল নভেম্বরে আর আগামী জানুয়ারির প্রথম সপ্তাহেই নির্বাচন হবে।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.