টঙ্গীতে বৃহস্পতিবার সন্ধ্যায় বিএনপির এক প্রস্তুতিসভা থেকে অর্ধ শতাধিক নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। ঢাকায় বিএনপির মহাসমাবেশ সফল করতে শ্রমিকদলের কেন্দ্রীয় কার্যকরি সভাপতি সালাহ উদ্দিন সরকার টঙ্গী দত্তপাড়ায় নিজ বাসভবনের রাজনৈতিক কার্যালয়ে এ প্রস্তুতি সভার আয়োজন করেন।
সালাহ উদ্দিন সরকার জানান, সভা চলাকালে বিপুল সংখ্যক পুলিশ তার বাড়ি ঘেরাও করে অবস্থান নেয়। একপর্যায়ে সন্ধ্যায় পুলিশ ফিল্মি কায়দায় বাড়ির ভেতর ঢুকে ধরপাকড় শুরু করে। এ সময় তিনটি গাড়ীতে উঠিয়ে অর্ধশতাধিক নেতাকর্মীকে থানায় নিয়ে যায়।
আটকদের মধ্যে মহানগর শ্রমিক দলের সাধারণ সম্পাদক আব্দুল মোমেন, টঙ্গী পূর্ব থানা বিএনপির সাবেক সভাপতি মো: শরাফত হোসেন, গাছা থানা বিএনপির সাবেক সভাপতি আসাদুজ্জামান আসাদসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা রয়েছেন। সভা থেকে তাকেও আটক করে পুলিশের গাড়ীতে উঠানো হলেও পরে শারীরিক অসুস্থতার কারণে ছেড়ে দেয়া যায়।
এদিকে বুধবার গভীর রাতে মহানগর বিএনপির সভাপতি মো: শওকত হোসেন সরকারের নগরীর কাশিমপুরের বাড়ি ঘেরাও করে পুলিশ। এ সময় পুলিশ বাড়িতে ঢুকে ব্যাপক তল্লাশি চালায়। ঘটনার সময় শওকত হোসেন সরকার বাড়িতে ছিলেন না। এসব ধরপাকড় ও তল্লাশির ব্যাপারে জিএমপি পুলিশ কর্মকর্তারা তাৎক্ষনিক কোনো বক্তব্য দেননি।
তবে গ্রেফতার বা আটকের সংখ্যা পরে জানানো হবে জানিয়ে টঙ্গী পূর্ব থানার ওসি মোস্তাফিজুর রহমান বলেন, সন্ধ্যার পর থেকে অভিযান অব্যাহত আছে। আটকদের সংখ্যা পরে ব্রিফ করে জানানো হবে।

